ট্রাইব্যুনাল-১-এ আব্বাস মল্লিককে ফের জেরার আবেদন

 নিজস্ব প্রতিবেদক
জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলার ১০ নম্বর সাক্ষী আব্বাস মল্লিককে আবার জেরার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবেদন করেছেন তার আইনজীবী নাজনীন নাহার। প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম আবেদন করার বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাক্ষীকে আবার জেরার আবেদন করার সুযোগ ডিফেন্স পক্ষের রয়েছে। তবে আবেদনটি মঞ্জুর হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। 
আব্বাস মল্লিক নিহত আলকাস মল্লিকের ভাই। জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় তিনি ১০ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তাকে আবার জেরার আবেদনের পেছনে তার করা একটি মামলার বিষয়টি সামনে এনেছে ডিফেন্স পক্ষ। 
আইনজীবী নাজনীন নাহারের বক্তব্য অনুযায়ী, ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন আলকাস মল্লিক। তিনি সুন্দরবনের বনদস্যু রাজাবাহিনীর সদস্য ছিলেন বলে দাবি করেন নাজনীন। ওই সময় র‌্যাবের ব্যাটালিয়ন অধিনায়ক ছিলেন কর্নেল মনিরুল হক এবং উপ-অধিনায়ক ছিলেন মেজর সাব্বির ওসমানী। তাদের সরাসরি অংশগ্রহণে ওই অভিযান পরিচালিত হয়েছিল বলে দাবি করেন তিনি।
নাজনীন নাহার নয়া দিগন্তকে বলেন, আলকাস মল্লিককে পরবর্তী সময়ে ট্রলারের মালিক এবং জিয়াউল আহসানের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গুমের ঘটনার সাথে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে আলকাস মল্লিকের ট্রলারের কোনো নিবন্ধন ছিল না বলে দাবি করেন তিনি।  তার ভাষ্য, সাধারণত মাছ ধরা বা যাতায়াতের কাজে ব্যবহৃত ট্রলারের নিবন্ধন থাকা প্রয়োজন। কিন্তু আলকাস মল্লিকের ট্রলারের নিবন্ধনের কোনো তথ্য পাওয়া যায়নি। তার দাবি, ট্রলারটি দস্যুতার কাজে ব্যবহৃত হতো।
নাজনীন নাহারের বক্তব্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৮ সালের দিকে সুন্দরবনের বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তৎকালীন সরকার আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু করে। ওই প্রক্রিয়ায় আব্বাস মল্লিকও আত্মসমর্পণ করেন। পরে ২০১৮ সালে তাকে র‌্যাবে মালির পদে চাকরি দেয়া হয়। তার বেতন ছিল সাড়ে ১২ হাজার টাকা। তবে চাকরি ছেড়ে আব্বাস মল্লিক আবারো দস্যুতায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন এই আইনজীবী। বর্তমানে তিনি জলদস্যুতার সাথে যুক্ত রয়েছেন বলেও দাবি করেন নাজনীন নাহার।
নাজনীন নাহার বলেন, আব্বাস মল্লিক পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা করেছিলেন। মামলাটির নম্বর সিআর ৫৭৭/২০২৪। ওই মামলায় ২২ জনকে আসামি করা হয়েছিল। পাশাপাশি অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয় বলে জানান তিনি।
জিয়াউল আহসানের আইনজীবীর দাবি, আব্বাস মল্লিকের করা ওই মামলায় ২২ জন আসামির প্রত্যেকের কাছ থেকে তিন লাখ টাকা করে মোট ৬৬ লাখ টাকা নেয়া হয়েছে। তার অভিযোগ, এই অর্থ আদায়ের সাথে আব্বাস মল্লিক ছাড়াও একটি প্রভাবশালী চক্রের সদস্যরা জড়িত। তারা আব্বাস মল্লিককে মামলাটি পরিচালনায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন তিনি। 
নাজনীন নাহারের আরো অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার পর আব্বাস মল্লিক নিজেকে প্রভাবশালী মনে করে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন। 
তাদের কাছ থেকে টাকা, জমি ও ভোট দাবি করছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর আব্বাস মল্লিক আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেন। তার অভিযোগ, অর্থ নেয়ার পরই মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
নাজনীন নাহারের বক্তব্য, আব্বাস মল্লিকের অতীত কর্মকাণ্ড, তার করা মামলা, মামলাটি প্রত্যাহার এবং অর্থ লেনদেনের অভিযোগ তার সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে আব্বাস মল্লিককে আবার জেরার সুযোগ চেয়েছেন তারা।
অন্যদিকে, প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম জানিয়েছেন, ডিফেন্স পক্ষ সাক্ষীকে আবার জেরার আবেদন করতে পারে। তবে এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে, তা ট্রাইব্যুনালের বিবেচনাধীন। আবেদনটির শুনানি ও নিষ্পত্তির জন্য এখন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। 
এদিকে, গতকাল বুধবার মামলার জেরায় আব্বাস মল্লিকের দেয়া বক্তব্য এবং তদন্ত কর্মকর্তার কাছে তার দেয়া বক্তব্যের মধ্যে পার্থক্যের বিষয়টি উঠে আসে। আসামি জিয়াউল আহসানের পক্ষে আইনজীবী মো: সাহিদুর রহমানের জেরায় তদন্ত কর্মকর্তা স্বীকার করেন, পিডব্লিউ-১০ আব্বাস মল্লিক কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য তার কাছে অবিকলভাবে দেননি, তবে অন্যভাবে বলেছেন।
এ ছাড়া, সুন্দরবনে নিয়ে গিয়ে বন্দীদের বোট থেকে বের করে হত্যার পর ঘটনাকে নাটক হিসেবে সাজানোর অভিযোগসংক্রান্ত বক্তব্য এবং ২০১১ সালে আলকাস মাঝিকে র‌্যাবের পরিচয়ে ফোন করে বটতলা মানিকখালীতে ডাকার বিষয়ে আব্বাস মল্লিকের বক্তব্যও তদন্ত কর্মকর্তার কাছে অবিকলভাবে দেয়া হয়নি বলে জেরায় স্বীকার করেন তিনি। জেরায় তদন্ত কর্মকর্তা আরো জানান, পিডব্লিউ-৭ মো: মনিরুল হকের দাখিল করা বস্তু প্রদর্শনী-২ তিনি জব্দ করেননি এবং ওই ছবির বিষয়ে কোনো তদন্তও করেননি।
অন্যদিকে, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণপত্র বইয়ের ১৬৪ পৃষ্ঠায় থাকা ভিডিওগুলোর বিষয়ে জেরায় তদন্ত কর্মকর্তা জানান, একটি ভিডিও প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ নভেম্বর ২০২৫ এবং অন্যটি ৮ অক্টোবর ২০২৫ তারিখে। তবে ভিডিও দু’টি জিয়াউল আহসানকে হয়রানি বা সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে জব্দ করা হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেন তিনি।