
নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বিখ্যাত পর্যটনকেন্দ্র মেটাল ভাস্কর্য ‘দ্য বিন’ ধাক্কা দিয়ে সাত ইঞ্চি সরানোর এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত হয়ে শত শত মানুষ একত্রে জড়ো হয়ে অতিকায় স্টিলের কাঠামোটিকে সরানোর চেষ্টা করেন।
সামাজিক মাধ্যমে হঠাৎ একটি বার্তা ছড়িয়ে পড়ে যে, বিখ্যাত স্টিলের এই শিল্পকর্মটির পেটের নিচে একটি গোপন চাবি রয়েছে এবং ভেতরে মানুষ আটকে পড়েছে। প্রচার করা হয়, অতিকায় এই ভাস্কর্যটিকে বাম দিকে মাত্র সাত ইঞ্চি সরাতে পারলে সেই চাবি বা রহস্যময় দরজার সন্ধান মিলবে। এমন অবাস্তব ও অদ্ভুত আহ্বানে সাড়া দিয়ে পর্যটন এলাকায় জড়ো হন বিপুলসংখ্যক কৌতূহলী মানুষ।
উপস্থিত জনতার বিশাল দল বিশালাকার স্টিল কাঠামোটির গায়ে হাত রেখে একযোগে ধাক্কা দেয়া শুরু করেন। দীর্ঘ সময় ধরে প্রচণ্ড ধাক্কাধাক্কি করা হলেও ধাতু দিয়ে তৈরি কয়েক টন ওজনের ভারী ভাস্কর্যটি তার স্থান থেকে এক ইঞ্চিও নড়েনি। অনাকাক্সিক্ষত এই জনসমাগম ও বিশৃঙ্খলা সামাল দিতে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা শহর কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে হয়।
শিকাগোর পর্যটন ও সংস্কৃতি বিভাগের তথ্য অনুযায়ী, ‘ক্লাউড গেট’ বা ‘দ্য বিন’ একটি কঠিন ও সুদৃঢ় ভিত্তিপ্রস্তরের ওপর নির্মিত বিখ্যাত শিল্পকর্ম। সামাজিক যোগাযোগের মাধ্যমে এভাবে গুজবে বিভ্রান্ত হয়ে সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা পর্যটন নিরাপত্তা এবং আধুনিক ইন্টারনেটের বিভ্রান্তিকর প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








