
নয়া দিগন্ত ডেস্ক
তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং পরিবেশদূষণ মোকাবেলায় ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্য শূন্য উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।
গত মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেয়া এক পোস্টে এমিনে এরদোগান জানান, ডা. জুবাইদা রহমানের সাথে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নেয়ার ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে ‘জিরো ওয়েস্ট’ কর্মসূচি। এমিনে এরদোগান এ উদ্যোগের আন্তর্জাতিক পর্যায়ে প্রসার ও বাস্তবায়নে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। ফলে জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন অর্থায়ন, প্রযুক্তি সহযোগিতা এবং পরিবেশবান্ধব উন্নয়ন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের বৈঠক দুই দেশের পরিবেশ ও টেকসই উন্নয়নবিষয়ক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








