
- ফেসবুক-ইউটিউবে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ; কমিটি ও মনোনয়ন ঘিরেও অনলাইনে প্রভাব বিস্তারের লড়াই
- নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তেও প্রভাব ফেলছে ডিজিটাল অপপ্রচার
রাজনীতির মাঠের লড়াই এখন আর শুধু সভা-সমাবেশ, মিছিল কিংবা দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা ক্রমেই জোরালো হচ্ছে। ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্সসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো হচ্ছে অপপ্রচার, গুজব, বিভ্রান্তিকর তথ্য ও ব্যক্তিগত আক্রমণ। রাজনৈতিক বিরোধের পাশাপাশি দলীয় কমিটি, পদ-পদবি ও মনোনয়ন ঘিরেও অনলাইনে তৈরি হচ্ছে পক্ষ-বিপক্ষের অবস্থান। কোথাও সাধারণ সমর্থকদের সক্রিয়তা, কোথাও আবার সমন্বিতভাবে পরিচালিত একাধিক অ্যাকাউন্টের তৎপরতা রাজনৈতিক প্রচারকে আরো সঙ্ঘাতপূর্ণ করে তুলছে।
২০২৬ সালের নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত একাধিক গবেষণা ও পর্যবেক্ষণ প্রতিবেদনে বাংলাদেশের অনলাইন রাজনৈতিক পরিবেশের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এসব প্রতিবেদনে দেখা যায়, রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ঘৃণামূলক মন্তব্য, মিথ্যা তথ্য, সহিংসতায় উসকানি এবং নারী রাজনীতিকদের লক্ষ্য করে অপমানজনক প্রচারও চলছে। শুধু জনমত প্রভাবিত করাই নয়, দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক নেতৃত্বের ওপরও এসব প্রচারের প্রভাব পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক আলোচনায় ঘৃণা ও অপতথ্যের আধিক্য
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা বিল্ড আপ ১৪ এপ্রিল ২০২৬ প্রকাশ করে ‘আন্ডারস্ট্যান্ডিং হার্মফুল ডিজিটাল ন্যারেটিভস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যাহেড অব দ্য ২০২৬ বাংলাদেশ ইলেকশন্স’ শীর্ষক প্রতিবেদন। এতে ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক, টিকটক ও এক্সে প্রকাশিত প্রায় ৪ লাখ ৯৯ হাজার পোস্ট বিশ্লেষণ করা হয়।
গবেষণায় দেখা যায়, বিশ্লেষণ করা পোস্টের ৮ শতাংশে ছিল ঘৃণামূলক বক্তব্য। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে ‘সন্ত্রাসী’ বা ‘রাজাকার’ ধরনের শব্দ ব্যবহারের পাশাপাশি ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর ঘটনাও পাওয়া যায়। প্রতিবেদনে ৩৫ হাজার ৬০০ পোস্টে ভুল বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়। বিদেশী হস্তক্ষেপের অভিযোগসংবলিত পোস্ট ছিল ২৮ হাজার ৬০০টি এবং সহিংসতায় উসকানিমূলক পোস্ট পাওয়া যায় ১৪ হাজার ২০০টি।
রাজনৈতিক উত্তেজনা ও বড় ঘটনার সময় এসব পোস্টের সংখ্যা বেড়েছে। গবেষণায় আরো দেখা যায়, অনলাইনে রাজনৈতিক বিরোধের ভাষা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষে রূপ নিচ্ছে। অল্পসংখ্যক রাজনৈতিকভাবে সক্রিয় বা সংগঠিত অ্যাকাউন্ট বিপুলসংখ্যক মানুষের কাছে নির্দিষ্ট বক্তব্য পৌঁছে দিতে ভূমিকা রাখছে। তবে অনলাইনে প্রকাশিত এসব বক্তব্য সব সময় সাধারণ মানুষের মতামত বা বাস্তব রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন নয়। তীব্র মেরুকরণের মধ্যেও ১২ ফেব্রুয়ারির নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে রাজনৈতিক অপতথ্য ৫৭ শতাংশ
ডিজিটাল রাইটস গবেষণা প্রতিষ্ঠান ডিসমিসল্যাব ৩০ জুলাই প্রকাশিত প্রতিবেদনে গত এপ্রিল-জুন সময়ের অপতথ্য পরিস্থিতি তুলে ধরে। এতে বাংলাদেশের নয়টি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করা হয়।
গবেষণায় দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ২৬৫টি ভিন্ন অপতথ্য শনাক্ত করা হয়। প্রথম প্রান্তিকের তুলনায় এ সংখ্যা ৩০ শতাংশ কমলেও মোট অপতথ্যের ৫৭ শতাংশই ছিল রাজনীতিসংক্রান্ত। প্রথম প্রান্তিকে এ হার ছিল ৭৪ শতাংশ। একই সময়ে ধর্মীয় অপতথ্যের হার ২ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৯ শতাংশ হয়েছে। আইনশৃঙ্খলাসংক্রান্ত অপতথ্যের হারও ১ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সেখানে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ ভাঙচুর ও উচ্ছেদের নামে পুরনো ছবি-ভিডিও ছড়িয়ে দেয়া হয়। বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। ফলে রাজনৈতিক অপপ্রচারের পাশাপাশি ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টির প্রবণতাও বেড়েছে।
আরেকটি উদ্বেগজনক দিক হলো, ব্যঙ্গাত্মক বা রসিকতার জন্য তৈরি ফেসবুক পেজের বক্তব্য অনেক সময় মূল প্রেক্ষাপট বাদ দিয়ে সত্য সংবাদ হিসেবে প্রচার করা হচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে শনাক্ত ৩৩২টি ভুল উদ্ধৃতির মধ্যে অন্তত ১৪৬টির উৎস ছিল ব্যঙ্গ বা প্যারোডি পেজ।
জুলাই-সেপ্টেম্বরে ৬৪৭টি রাজনৈতিক অপতথ্য
ডিসমিসল্যাবের ৩১ অক্টোবর প্রকাশিত আরেক প্রতিবেদনে জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ের তথ্য তুলে ধরা হয়। এতে দেখা যায়, তিন মাসে ১ হাজার ১৯৬টি ভিন্ন অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪৭টি বা ৫৪ দশমিক ১ শতাংশ ছিল রাজনীতিসংক্রান্ত।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমই অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম। শনাক্ত অপতথ্যের ৯০ দশমিক ৭ শতাংশ ছড়িয়েছে এ মাধ্যমে। তবে সংবাদমাধ্যমের মাধ্যমে অপতথ্য ছড়ানোর ঘটনাও বেড়েছে। এপ্রিল-জুন সময়ে সংবাদমাধ্যমের মাধ্যমে ছড়ানো অপতথ্যের ২১টি ঘটনা শনাক্ত হয়েছিল, জুলাই-সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৭৬টিতে।
পুরনো ছবি ও ভিডিও নতুন ঘটনার নামে প্রচার, ভুল ব্যক্তিকে শনাক্ত করা, যাচাই ছাড়াই সংবাদ প্রকাশ এবং বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহারের প্রবণতা পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ২৮টি সংবাদমাধ্যমের অন্তত পাঁচটি করে প্রতিবেদন, ভিডিও, ছবি বা কার্ড তথ্য যাচাইয়ের আওতায় এসেছে। অর্থাৎ অপতথ্য এখন আর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সীমাবদ্ধ নেই; সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্যও কোনো কোনো ক্ষেত্রে বিভ্রান্তি ছড়ানোর উপকরণ হয়ে উঠছে।
নারী রাজনীতিকদের লক্ষ্য করে অপপ্রচার
অনলাইন রাজনৈতিক সহিংসতার আরেকটি বড় শিকার নারী রাজনীতিকেরা। জাতিসঙ্ঘের সহায়তায় ২২ জুন প্রকাশিত ‘পলিসি ব্রিফ অন ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন ইন পলিটিকস’ প্রতিবেদনে নারী রাজনীতিক, প্রার্থী ও দলীয় সদস্যদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নারীদের সাক্ষাৎকারের ভিত্তিতে রাজনৈতিক, দলীয়, প্রাতিষ্ঠানিক ও ডিজিটাল পরিসরে সহিংসতার চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, অনলাইনে অপমান, হুমকি ও ব্যক্তিগত আক্রমণের কারণে অনেক নারী রাজনীতিতে কথা বলা কমিয়ে দেন। কেউ কেউ রাজনীতি থেকে সরে যাওয়ার কথাও ভাবেন। অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা না থাকায় ভুক্তভোগীরা অনেক সময় প্রতিকার পান না।
৩ আগস্ট প্রকাশিত ‘উইমেনস পলিটিক্যাল পার্টিসিপেশন : অপরচুনিটিজ অ্যান্ড কনস্ট্রেইন্টস’ শীর্ষক আরেক গবেষণায় ৪৩টি বিস্তারিত সাক্ষাৎকার, আটটি বিশেষজ্ঞ সাক্ষাৎকার ও আটটি আঞ্চলিক পরামর্শসভার তথ্য ব্যবহার করা হয়। এতে বলা হয়, অনলাইন ও অফলাইন সহিংসতা নারীদের রাজনৈতিক অংশগ্রহণের বড় বাধা। দলীয় মনোনয়ন, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের উপস্থিতি থাকলেও ক্ষমতা ও সম্পদে সমান সুযোগ নিশ্চিত হয়নি।
বিল্ড আপের গবেষণাতেও নারী রাজনীতিক, সাংবাদিক ও কর্মীদের লক্ষ্য করে চার হাজার পোস্টে লিঙ্গভিত্তিক অপমান, যৌন হয়রানিমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা পরিবর্তিত ছবি ও কনটেন্টের তথ্য পাওয়া গেছে।
রাজনৈতিক সংঘর্ষের সাথে ট্রলের সরাসরি যোগসূত্র
মানবাধিকার সহায়তা সংস্থা এইচআরএসএসের ১৯ অক্টোবর প্রকাশিত জানুয়ারি-সেপ্টেম্বরের প্রতিবেদনে ৯ মাসে অন্তত এক হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা, ৭৩ জন নিহত ও ছয় হাজার ৪৭৩ জন আহত হওয়ার তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩৪২টি সংঘর্ষ ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে। বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে ৩২১টি, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ৯৩টি এবং বিএনপি ও এনসিপির মধ্যে ৪৭টি। মোট ঘটনার ৯১ শতাংশের সাথে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ অথবা অন্য দলের সাথে বিএনপির সংঘর্ষ জড়িত ছিল।
তবে এইচআরএসএস এসব সংঘর্ষের কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল বা অপপ্রচারকে চিহ্নিত করেনি। ফলে অনলাইন প্রচার ও রাজনৈতিক সহিংসতার মধ্যে সম্পর্কের আশঙ্কা থাকলেও একটিকে অন্যটির সরাসরি কারণ হিসেবে প্রতিষ্ঠার সুযোগ নেই।
জবাবদিহি ও রাজনৈতিক দায়িত্বশীলতা জরুরি
গবেষণাগুলোর তথ্য বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এখন রাজনৈতিক প্রচার, প্রতিপক্ষকে আক্রমণ এবং জনমত সৃষ্টির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখানে মিথ্যা তথ্য, ব্যক্তিগত আক্রমণ, ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতায় উসকানি ছড়ানোর পাশাপাশি সংগঠিত অ্যাকাউন্টের তৎপরতা এসব প্রচারকে আরো বিস্তৃত করছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের মতে, অপতথ্য ক্রমেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানুষকে ক্ষুব্ধ ও উত্তেজিত করে এমন কনট্যান্টও ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম এ ধরনের কনটেন্ট আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তার মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপতথ্য ব্যবহার এবং মানুষকে উত্তেজিত করার প্রবণতা অনলাইন বিরোধকে আরো সঙ্ঘাতপূর্ণ করে তুলতে পারে।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম মানুষের আগে থেকে থাকা বিশ্বাস ও পক্ষপাতকে আরো শক্তিশালী করছে। মানুষ যাচাই করা তথ্যের চেয়ে নিজের মতের সাথে মেলে এমন তথ্য বেশি গ্রহণ করছে। এতে সামাজিক বিভাজন বাড়ছে এবং মূলধারার সংবাদমাধ্যমের ওপর আস্থাও কমছে।
তার মতে, মানুষ নিজের মতের সাথে মেলে এমন তথ্যই বেশি দেখছেন। ফলে ভিন্নমতের মানুষের সাথে দূরত্ব বাড়ছে। গণমাধ্যম সম্পর্কে জানাশোনা ও তথ্য যাচাইয়ের অভ্যাস কমে যাওয়ায় অপতথ্য মোকাবেলা আরো কঠিন হয়ে উঠছে।
রাজনৈতিক দলগুলোর জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। দলীয় বিরোধ বা মনোনয়ন নিয়ে মতপার্থক্য দলীয় ফোরামে সমাধান না করে অনলাইনে প্রতিপক্ষকে আক্রমণের মাধ্যমে প্রকাশ করা হলে বিভাজন বাড়তে পারে। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগ যাচাই না করে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া হলে ভুল তথ্যের প্রভাব নীতিনির্ধারণী পর্যায়েও পড়তে পারে।
তবে কোনো পোস্টে দলীয় পরিচয় বা সমর্থনের দাবি থাকলেই সেটি সংশ্লিষ্ট দল বা নেতৃত্বের নির্দেশে করা হয়েছে- এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে অ্যাকাউন্টের পরিচয়, অর্থায়ন, সমন্বয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতপ্রকাশের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি মিথ্যা তথ্য, হুমকি, ব্যক্তিগত হয়রানি ও সংগঠিত অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর জবাবদিহিও প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও নিজেদের কর্মী-সমর্থকদের অনলাইন আচরণ নিয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে। অন্যথায় প্রতিপক্ষকে ঘায়েল করার এই ডিজিটাল লড়াই রাজনৈতিক মতপার্থক্যকে আরো গভীর সঙ্ঘাতে রূপ দিতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








