রামেক হাসপাতালের অরক্ষিত বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো 
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন অরক্ষিত বারান্দা থেকে নিচে পড়ে আবু হুরাইরা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর বাবা হৃদয় আলী কুষ্টিয়া সদর উপজেলার কুশলিবাসা গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদয় আলী নিজে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসাধীন। একই সময়ে জন্মগত কিডনি জটিলতায় তার ছয় বছর বয়সী মেয়ে উম্মে খাদিজাও ভর্তি রয়েছে। চিকিৎসাসেবার খরচ চালাতে সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় মা সেলিনা বেগম বাড়ি ফেরার কাগজপত্র নিতে চিকিৎসকের কক্ষে যান। এ সময় দুই বছরের ছোট শিশুটি ওয়ার্ডের গেট দিয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। সেখানে নিরাপত্তা গ্রিল না থাকায় নির্মাণকাজ চলা বারান্দা থেকে শিশুটি নিচে পড়ে যায়। পরে উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে শিশুটি মারা যায়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, নির্মাণাধীন জায়গাটি কিছুটা অরক্ষিত থাকায় এবং অসাবধানতাবশত খেলতে গিয়ে শিশুটি পড়ে যায়। আইনি ও দাফতরিক প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement