জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা

নয়া দিগন্ত ডেস্ক
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চৌকিতে গতকাল বুধবার মোটরসাইকেলে এসে গুলি চালিয়েছে বন্দুকধারী। এ হামলায় বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এনডিটিভি।
মির বাজারের কাছে আখরানে বুধবার বিকেলের মাঝামাঝি সময়ে হামলাটি হয়। সিআরপিএফ এক বিবৃতিতে জানায়, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা মোটরসাইকেলে এসে জেলার একটি নাকায় (চৌকি) মোতায়েন নিরাপত্তা সদস্যদের ওপর গুলি চালায়।
বিবৃতিতে বলা হয়, বিকেল প্রায় ২টা ১৫ মিনিটে হামলাকারীরা সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহত তিন সদস্য হলেন রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু ও সোমবীর সিং। গুলিতে দাসের বাঁ পায়ে, চন্দ্রুর পেট ও মেরুদণ্ডে এবং সিংয়ের বাঁ হাতে আঘাত লেগেছে। তারা তিনজনই এখন শঙ্কামুক্ত।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও সেদিন কুলগামে ছিলেন, তবে হামলার স্থানের কাছাকাছি ছিলেন না।