প্রতিমন্ত্রীর বক্তব্য বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের

সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের উদ্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিজ্ঞপ্তির বিপরীতে মন্ত্রণালয় থেকে এই স্পষ্টীকরণ দেয়া হয়। এ দিকে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার গণমাধ্যমের সামনে তার অনানুষ্ঠানিক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছেন প্রতিমন্ত্রী নিজেই।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় জানানো হয়, এলজিইডির নবনিযুক্ত প্রকৌশলীদের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রকৃতপক্ষে সরকারি কাজ দ্রুত, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে সম্পাদন করার নির্দেশ দিয়েছিলেন। সরকারি ক্রয় আইন (পিপিএ) ও বিধিমালা (পিপিআর) মেনে শতভাগ মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দেয়া হয়েছিল। তবে মূল বক্তব্য বাদ দিয়ে অনানুষ্ঠানিক আলোচনার কিছু অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে যে সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল এবং দায়িত্বশীল পদে থেকে অবৈধ সুবিধা নেয়ার কোনো সুযোগ নেই।
এ দিকে সকালে এলজিইডি ভবনে আয়োজিত এক কর্মশালায় উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী তার আগের দিনের অনানুষ্ঠানিক বক্তব্যের জন্য ক্ষমা চান এবং সেসব মন্তব্য প্রত্যাহার করে নেন। একই সাথে এই বক্তব্যের সাথে অন্য কোনো সরকারি কর্মকর্তার সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেন তিনি। সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিতকরণে তথ্যগত বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি।

Advertisement