বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় পণ্য রফতানি বেড়েছে প্রায় ৬ ভাগ

 চট্টগ্রাম ব্যুরো
দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে থেকে দেশটিতে রফতানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। গতকাল চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। 
তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ঠ সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। 
বাংলাদেশের ওষুধের গুণগতমানের প্রশংসা করে তিনি ইন্দোনেশিয়ার বাজার সম্প্রসারণে সেখানকার ব্যবসায়ীদের সাথে আরো কার্যকর যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়ায় এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ সহজ করতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী হালাল ইন্ডাস্ট্রি ও পণ্য সরবরাহে শীর্ষস্থানে অবস্থান করছে। এ খাতে বাংলাদেশের সাথে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশে যৌথ বা একক ইন্দোনেশিয়ান বিনিয়োগের সুযোগ রয়েছে। 
সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ রেলওয়ে কোচ আমদানি করে। তিনি বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়নে সহযোগিতার মাধ্যমে ইন্দোনেশিয়াকে কোচ উৎপাদনে ভূমিকা রাখার আহবান জানান। 
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ভিয়েতনামের অনারারি কনসাল এস.এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, ফিলিপাইনের অনারারি কনসাল মোহাম্মদ এ আউয়াল, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শওকত আলী চৌধুরী, সাইনশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শহীদুল্লাহ্ চৌধুরী। 
এ সময় দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো, চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার আমজাদ, সরোয়ার আলম খান, নুরুল ইসলাম, আসাদ ইফতেখার ও সেলিম নুর প্রমুখ উপস্থিত ছিলেন।