
চট্টগ্রাম ব্যুরো
চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল এবং সহতথ্য, যোগাযোগ ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার। তারা দু’জনই উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বাসিন্দা।
গত মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। এর আগে গত রোববার রাতে রাউজানে চাঁদা না পেয়ে প্রবাসী ইলিয়াসসহ দু’জনকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী পরিবারের দাবি, কয়েক মাস ধরে এন এ বাবুল ও সরোয়ার তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








