চাঁদপুরে রক্তাক্ত লাশ উদ্ধার, চট্টগ্রামে গণপিটুনিতে নিহত এক

নয়া দিগন্ত ডেস্ক
চাঁদপুরে সাবেক এক ইউপি মেম্বারের  লাশ পাওয়া গেছে। চট্টগ্রামে গণপিটুনিতে মারা গেছেন একজন
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেফতার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সাথে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চন্দ্রঘোনা থানার বাঙ্গালহালিয়ায় খেলনা পিস্তল দেখিয়ে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পালানোর সময় গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ রফিক (২৩)। মঙ্গলবার সন্ধায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকার ভেনটিস মিশন হোস্টেলে এই ঘটনাটি ঘটেছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকার ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় দু’জন ব্যক্তি প্রবেশ করে। এ সময় তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে যায় দুই ব্যক্তি।
এ সময় হেনা ত্রিপুরার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মো. রফিক (২৩) নামের একজনকে দু’টি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তাঁর সঙ্গে থাকা মো: আকাশ (২৪) নামের অপর ব্যক্তি একটি স্বর্ণের আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে আটক রফিককে স্থানীয় লোকজন মারধর করলে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তরের পর চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত রফিকের বাড়ি বাঙ্গালহালিয়ার আবাসিক মুসলিম পাড়ায়। তার পিতার নাম মৃত আব্দুল জলিল। অন্য দিকে পলাতক আকাশের বাড়ি একই ইউনিয়নের সুফিপুর গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ আলী করিম। পলাতক আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় পূর্বে দায়ের করা একটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Advertisement