
সিলেট ব্যুরো
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সমাবেশ ঘিরে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রায় ১৭৫ জনের উপস্থিতিতে আয়োজিত এ সভার খবর আগে থেকে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারেনি কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, রাজনৈতিক ব্যানার টাঙানো এবং সভার ভিডিও প্রকাশের ঘটনায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও আলোচনায় এসেছে।
গত ৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে সভাটি অনুষ্ঠিত হয়। সভার ভিডিও রনজিত সরকার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সভাস্থল শনাক্ত করে।
ঘটনার পর সিলেট ও সুনামগঞ্জ পুলিশের বক্তব্যে সভাস্থল নিয়ে প্রথমদিকে ভিন্ন তথ্য পাওয়া যায়। পরে সুনামগঞ্জের পুলিশ সুপার রিসোর্টটির নাম উল্লেখ করে স্থানটি নিশ্চিত করেন। এতে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর তথ্য আদান-প্রদান ও সমন্বয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
রনজিত সরকারের দেশে প্রবেশের বিষয়টিও আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিবেদনে তাকে দেশের বাইরে অবস্থানরত ও আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারত থেকে সীমান্ত পেরিয়ে তিনি সিলেটে এসেছিলেন বলেও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে কোন সীমান্তপথে, কখন এবং কার সহায়তায় তিনি দেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি। ফলে সীমান্ত নজরদারি, গোয়েন্দা তথ্য এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি উঠেছে।
স্থানীয় সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের বাড়ির কয়েকশ’ গজের মধ্যে অবস্থিত। রিসোর্টটির মালিক সোহেল আহমদ তার চাচাতো ভাই। মাহবুব আহমদ এ সম্পর্ক স্বীকার করলেও রিসোর্টের ব্যবসার সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। একই এলাকার কাছাকাছি উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকের বাড়িও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্য দিকে স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রোকনের নেতৃত্বে রিসোর্টটি বুকিং নেয়া হয় এবং তারাই সভার আয়োজন করেন। সভার প্যান্ডেল ও সাজসজ্জার কাজ করে গোয়াইনঘাটের চৌমুহনী বাজারের তারেক ডেকোরেটার্স। প্রতিষ্ঠানটির মালিক নিজাম উদ্দিন ফতেহপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি জানান, রিসোর্টের মালিক সোহেল শিক্ষা সফরের কথা বলে তাদের প্রতিষ্ঠান থেকে ডেকোরেটার্স ভাড়া করেন। সেখানে রনজিত সরকার আসবেন বা রাজনৈতিক সভা হবে, তা তাকে জানানো হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








