৮ পিস্তল দেখিয়ে হুমকি ধরা পড়ল রাউজানের সেই সন্ত্রাসী বুলেট

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের রাউজানে সারিবদ্ধভাবে রাখা দেশী-বিদেশী আট পিস্তল দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগে কিশোর গ্যাং নেতা হৃদয় হোসেন শাওন ওরফে বুলেটকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। 
বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার হওয়া শাওন রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সারিবদ্ধভাবে রাখা একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অন্য একজনকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা শাখা। পরে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছে, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
জিজ্ঞাসাবাদে শাওন আরো জানিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করত সে। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিওতে রেকর্ড করত। পরে এসব ছবি, ভিডিও ও অডিও দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে পুলিশ।
রাউজান থানায় শাওনের বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দু’টি মামলা রয়েছে।

Advertisement