টেকনাফে ’জোড়া খুন’ করে চট্টগ্রামে আত্মগোপন, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো
কক্সবাজারের টেকনাফে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যামামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি। গত সোমবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান (২৭) ও আব্দুল মোনাফ (২৭)। তারা টেকনাফের বাসিন্দা। দু’জনই এ মামলার এজাহারনামীয় আসামি।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৪ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পৃথক দু’টি স্থান থেকে মো: মোক্তার কামাল (৩৯) ও মো: আকবর (২৩) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

Advertisement