হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ৩০০ ছুঁইছুঁই

 নয়া দিগন্ত ডেস্ক
দেশে চলতি বছর এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু প্রায় এক হাজার ৩০০ জনে পৌঁছেছে। সর্বশেষ হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন করে মারা গেছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে। এ ছাড়া একজন করে মৃত্যু হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে। এ সময় নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৪ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্তদের মধ্যে এক হাজার ৩৫১ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬৬ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ১০৪ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে গতকাল পর্যন্ত দেশে মোট এক হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৯০ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৪২ হাজার ৯০৭ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৪ হাজার ৭২৩ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৬৩০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮০৬ জন, আর সুস্থ হয়ে আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন দুই লাখ সাত হাজার ৯০৩ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৬০১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১১, চট্টগ্রামে ১২৯, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯৪, বরিশালে ৮৯, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
সিলেটে আরেক শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চার মাসের শিশু হাসাইন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে কারো হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০৭ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ২১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে সিলেটে ৮০, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে নিশ্চিত হামে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে এক ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ৮৪, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।
গতকাল মমেক হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া দুই শিশুর বয়সই ১০ মাস। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। মেয়ে শিশুটির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় এবং ছেলে শিশুটির বাড়ি একই জেলার বাজিতপুর উপজেলায়।

Advertisement