
নয়া দিগন্ত ডেস্ক
আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগের ওপর দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং কথিত বিচারিক হত্যাকাণ্ডে বিরুদ্ধে নিজের লড়াইয়ে বিএনপি ও জামায়াত পাশে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, সে সময় রাজনৈতিক দলগুলো তার লড়াইকে সমর্থন করলে বিচার বিভাগ পরবর্তী সময়ে আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে পারত না। তার মতে, সেই রাজনৈতিক নিষ্ক্রিয়তার পরিণতিতেই পরবর্তী সময়ে বিচারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘জুলাই-পূর্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : বিচার, বিতর্ক ও বাস্তবতা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, বইটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অ্যাকাডেমিক আলোচনার সূচনা হয়েছে। রাজনৈতিক আলোচনা বেশি দিন স্থায়ী হয় না; কিন্তু অ্যাকাডেমিক আলোচনা ইতিহাস সংরক্ষণ ও প্রকৃত ঘটনা অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে শুধু বিদেশী বইয়ের অনুবাদের ওপর নির্ভর না করে দেশীয় গবেষকদেরও মৌলিক বই ও গবেষণাপত্র প্রকাশ করা প্রয়োজন।
তিনি বলেন, ২০১০ সালে আমার বিরুদ্ধে প্রথম আদালত অবমাননার মামলা হয়। তখনো আল্লামা সাঈদী ও মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেফতার হননি। ওই সময় বিচার বিভাগের স্বাধীনতা ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিচারিক সুবিধা নিয়ে তিনি একটি সংবাদ প্রতিবেদন এবং একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন। প্রতিবেদনে দেখানো হয়েছিল, বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা হাইকোর্ট থেকে জামিন বা প্রতিকার পেলেও আপিল বিভাগে তা আটকে যাচ্ছিল।
মাহমুদুর রহমান বলেন, ‘তখন আমি একাই লড়াই করেছি। আমার পাশে কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী ছিল না। বিএনপি কিংবা জামায়াত কেউই আমার পাশে দাঁড়ায়নি। তখন তারা যদি আমার লড়াইকে সমর্থন করত, তাহলে বিচার বিভাগ পরবর্তী সময়ে এমন ভয়াবহ প্রতিষ্ঠানে পরিণত হতো কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।’
এ সময় তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি বিচারিক হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, যেসব পরিবারের সদস্যরা বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অন্যায়ের শিকার হয়েছেন, তাদের মামলা করার সুযোগ রয়েছে। যাদের অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের দায়মুক্তির জন্য রিভিউ বা পুনর্বিবেচনার উদ্যোগ নেয়াও জরুরি।
অনুষ্ঠানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সংসদ সদস্য শামীম সাঈদী বলেন, শেখ হাসিনার সরকার এমন আইন তৈরি করেছিল, যেখানে বিচারিক হত্যাকাণ্ডের প্রক্রিয়া পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়নি। তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি, আজ আমি সংসদে আছি। সেই আইনগুলো সংশোধন করে প্রকৃত সত্য উন্মোচনে কাজ করব।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমাদ তাহকিক ও আলী আহমাদ মাবরুর। এ ছাড়া উপস্থিত ছিলেন শহীদ আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল ও মেয়ে আমাতুল্লাহ শারমিন, শহীদ মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মুহা: মহীউদ্দীন খান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








