
বাসস
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় কোনো ধরনের অবহেলা বা ব্যাঘাত ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে গতকাল স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।
তিনি বলেন, পৌরসভার মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মূলত জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণীর পৌরসভাগুলোকে শুরুতেই এ তালিকায় অগ্রাধিকার দেয়া উচিত ছিল।
কর্মশালায় অনেক কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার মোটা অঙ্কের অর্থ ব্যয় করে এ কর্মশালার আয়োজন করেছে; অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত। দায়িত্বপ্রাপ্তদের এ ধরনের উদাসীনতা সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। তবে প্রকৌশলীদের উপস্থিতি ইতিবাচক।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অবকাঠামোগত মানোন্নয়নে এলজিইডির মাধ্যমে সারা দেশে এক লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের রাস্তাঘাট তৈরির পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণে জোর দেয়ার নির্দেশ দেন। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








