কালীগঞ্জে পুলিশি নির্যাতনের শিকার যুবদল নেতার ন্যায়বিচার দাবি

 লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে যুবদল নেতা মো: জয়নাল আবেদীনকে পুলিশি হেফাজতে নির্যাতন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে তিন লাখ টাকা উৎকোচ আদায় এবং পরে দুই পায়ে গুলি করার অভিযোগ উঠেছে তৎকালীন থানা পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলাসহ বিভিন্ন রাজনৈতিক মামলায় হয়রানির অভিযোগ তুলে ন্যায়বিচার ও মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে আবেদন করেছেন জয়নাল।
অভিযোগ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শ্রীখাতা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। দলীয় প্রত্যয়নপত্র অনুযায়ী, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি দলগ্রাম ইউনিয়ন যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশে কালীগঞ্জ থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাত বলে অভিযোগ রয়েছে। এ সময় তৎকালীন এসআই বদল কুমার মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার সরকারের প্রভাবের কারণে জয়নালসহ অনেক নেতাকর্মী আত্মগোপনে যেতে বাধ্য হন বলে দাবি করা হয়েছে।
জয়নালের পরিবারের অভিযোগ, ২০১৯ সালের ৮ জুলাই বেলা ১১টার দিকে পাটোয়ারীটারী বাজারের একটি চায়ের দোকান থেকে এসআই তুষার তাকে আটক করেন। এরপর দিনভর থানায় নির্যাতন চালিয়ে ক্রসফায়ার থেকে বাঁচতে পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। শেষ পর্যন্ত তিন লাখ টাকা দেয়া হলেও তাকে ছেড়ে দেয়া হয়নি। ওই রাতেই তৎকালীন ওসি আরজু মো: সাজ্জাদ এবং এসআই তুষার, এসআই শাইদুল, এএসআই খাদেমুল ও এসআই মোশারফ চোখ-মুখ বেঁধে জয়নালকে পটুয়াটারী এলাকায় নিয়ে দুই পায়ে গুলি করেন বলে অভিযোগ পরিবারের। পরে অচেতন অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কথিত বন্দুকযুদ্ধের মামলার সাক্ষী মধুসূধন রায় ও দুলু মিয়া জানান, পুলিশ দিনদুপুরে একটি চায়ের দোকান থেকে জয়নালকে ধরে নিয়ে যায়। কেন তাকে আটক করা হয়েছিল, তা তারা জানতেন না। তাদের দাবি, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই মামলায় তাদের সাক্ষী করেছে।
জয়নালের অভিযোগ, বর্তমানে তিনি ও তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক ও কাল্পনিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলা থেকে অব্যাহতি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রধান বিচারপতি, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক এবং জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন কালীগঞ্জ থানার এসআই তুষার ও এএসআই খাদেমুল। তাদের দাবি, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই জয়নালকে আটক করা হয়েছিল। টাকা নেয়া কিংবা নির্যাতনের অভিযোগ সঠিক নয়