
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পৃথক দুই ঘটনায় বেপরোয়ার গাড়ির ধক্কায় মোটরসাইকেল আরোহী ও দুই নারী পথচারী নিহত হয়েছেন।
গতকাল খিলক্ষেত ও গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
খিলক্ষেতে মোটরসাইকেল আরোহী নিহত : রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্যাঙ্কলরির ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়া সেলিম জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে ‘এশিয়া পাম্প’-এর একটি ট্যাঙ্কলরি তাদের ধাক্কা দেয়। এতে তাউসিফ গুরুতর আহত হন। পরে পথচারী ও তিনি তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৫৫মিনিটে তাউসিফকে মৃত ঘোষণা করেন।
গাবতলীতে ২ নারী নিহত : এ দিকে গাবতলী এলাকায় বাসের চাপায় দুই নারী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১০টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) দিরাজ নন্দি জানান, গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় বগুড়া-ঢাকা রুটের ‘চাঁদনি পরিবহন’-এর একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুই নারীর নিহত এবং সাথে থাকা একজন আহত হন। আহত ব্যক্তিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
অন্য দিকে পল্টনের একটি আবাসিক হোটেলে রাজু মিয়া (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজু মিয়াকে অত্যন্ত অসুস্থ অবস্থায় সজিব নামে এক ব্যক্তি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সৌদি আরব থেকে প্রায় মাস দেড়েক আগে ছুটিতে দেশে আসেন। দুই থেকে তিন দিন আগে ওই হোটেলে ওঠেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো: রাকিবুল বলেন, নিহতের মুখে ও শরীরে অ্যালকোহলের তীব্র গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অ্যালকোহল পান করেছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








