সেন্টমার্টিন ভ্রমণে চরম ভোগান্তি দীর্ঘ যাত্রায় পর্যটকরা বিপর্যস্ত
  •  অব্যবস্থাপনায় ১৪ ঘণ্টার সমুদ্রযাত্রা
  •  তিরিক্ত ভাড়া নিয়ে পর্যটকদের ক্ষোভ
  •  টেকনাফ থেকে বিকল্প নৌপথ চালুর দাবি
  • প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

উত্তাল সাগর, প্রতিকূল আবহাওয়া এবং চরম অব্যবস্থাপনার কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ পর্যটকদের জন্য এক প্রকার দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত মঙ্গলবার কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর দীর্ঘ ১৪ ঘণ্টা সমুদ্রযাত্রা শেষে গভীর রাতে পর্যটকদের নিয়ে ফিরে আসার ঘটনায় নারী, শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এই পরিস্থিতিতে অপরিকল্পিত জাহাজ চলাচল ও পর্যটন ব্যবস্থাপনার অন্তরালে থাকা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার ভোরে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটকবাহী জাহাজগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে সন্ধ্যা ৭টার দিকে দ্বীপে পৌঁছায়। ফলে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের অনেকেই এই দীর্ঘ সমুদ্রযাত্রায় মারাত্মক শারীরিক কষ্টের মুখোমুখি হন। দ্বীপ থেকে ফেরার পথেই কেবল দুর্ভোগ শেষ হয়নি; বরং গভীর রাতে পর্যটকরা কক্সবাজারে পৌঁছানোয় ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে ফেরার পূর্বনির্ধারিত বাসের টিকিট হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়। কাউকে কাউকে আবার রাতভর চরম অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে হয়।
দীর্ঘ সময় জাহাজে আটকে থাকায় শিশুদের খাবার, বিশ্রাম ও বয়স্ক যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। উত্তাল সমুদ্রে দীর্ঘ নৌযাত্রার আতঙ্কের পাশাপাশি জাহাজ সিন্ডিকেটের নানা অব্যবস্থাপনা ও অতিরিক্ত ভাড়ার বিষয়টিও পর্যটকদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস ও যাত্রীদের নিরাপত্তা বিবেচনা না করে জাহাজ চলাচলের অনুমতি দেয়ায় পুরো ভ্রমণ প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ হয়েছে।
চলতি মৌসুমের শুরু থেকেই পরিবেশ সংরক্ষণের স্বার্থে দৈনিক সর্বোচ্চ তিন হাজার ৫০০ পর্যটক সীমিত করার পাশাপাশি জনপ্রতি ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই পর্যটন মৌসুমে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ চলাচলের নির্দেশনা রয়েছে। তবে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথের ভোগান্তি কমাতে টেকনাফ থেকে দ্রুত বিকল্প নৌপথ চালুর জোরালো দাবি জানিয়েছেন পর্যটকরা।
সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে পর্যটকদের এমন নিরাপত্তাহীনতা ও অবর্ণনীয় দুর্ভোগ ঠেকাতে প্রশাসনের কঠোর তদারকি জরুরি হয়ে পড়েছে। শুধু দ্বীপে পর্যটক পাঠানোই নয়, বরং তাদের নিরাপদ যাতায়াত, সঠিক সময়ে জাহাজ পরিচালনা, জরুরি চিকিৎসাসেবা এবং খাবার-পানির নিশ্চয়তা বিধান করা এখন সময়ের দাবি।

Advertisement