নাশকতা প্রতিরোধে পুলিশকে কড়াবার্তা বাড়ানো হয়েছে টহল চেকপোস্ট

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারীদের গ্রেফতার করতে দেশের ৬৪ জেলার এসপি, রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারদের কড়া নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। আগুন সন্ত্রাস, ককটেল নিক্ষেপকারীরা যেন কোনভাবেই রেহাই না পায় সে ব্যাপারে পুলিশের প্রতিটি সদস্যকে সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন। তবে কোনো নিরীহ মানুষ যেন পুলিশি হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকাতে হবে। 
পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্তের কাজ চলছে। তিনি বলেন, শুধু ঘটনার পর ব্যবস্থা নেয়া নয়, নাশকতা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
পুলিশ সদরদফরের তথ্যানুযায়ী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুকে ডাকা অবরোধে মঙ্গলবার সারা দেশে ২২টি যানবাহনে আগুন ও ২৮ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এইদিন ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে আরো ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগরের ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকায় অন্তত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন আইজিপি। ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করতেও বলা হয়েছে।
এ দিকে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডিএমপি বলছেন, চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখা হচ্ছে। একই সাথে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।