
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সঙ্কট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন, মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধিদল। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে তারা পৃথকভাবে সাক্ষাৎ করেন।
বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সসম্মানে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক কেলি ই কুরি এবং ব্রিটিশ এমপি ইমরান হুসাইন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- হাসান উজ্জামান খান (কাউন্সিলর), মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ (পার্লামেন্টারি গবেষক) এবং আলতাফ হুসাইন (হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড)।
ব্রিটিশ এমপি ইমরান হুসাইনের সাক্ষাতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সাথে ফিরিয়ে দেয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সঙ্কটের অবসান ঘটাতে হবে। তিনি সঙ্কট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
যুক্তরাজ্যের প্রতিনিধিদলের পক্ষ থেকেও রোহিঙ্গা সঙ্কটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির পক্ষে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
অপর দিকে মিয়ানমারে জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাফতরিক নথিপত্রে রোহিঙ্গা সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘ দিন ধরে এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেয়া বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। এর পাশাপাশি আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত মামলার রায় ঘোষণা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।
জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘ দিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে জানান, জাতিসঙ্ঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় ট্রেনিং ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেয়া হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








