
ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদার ও শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘সেলস কার্নিভাল’ শেষ হচ্ছে আজ। গতকাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে মার্কেটিং বিভাগ আয়োজিত এই কার্নিভাল উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা হওয়ার লক্ষ্য নিয়ে বড় হয়। এই প্রচলিত মানসিকতা থেকে তাদের বের হতে হবে। মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। যাতে স্টার্টআপ তৈরির মাধ্যমে তারা নিজের ও অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। আমরা যদি একটি পরিশ্রমী জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, তাহলেই দেশের সামগ্রিক আর্থ-সামাজিক চিত্র পরিবর্তন করা সম্ভব।
কৃষিপ্রধান দেশকে ধীরে ধীরে শিল্প ও প্রযুক্তিভিত্তিক দেশে রূপান্তর করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেলস কার্নিভাল শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।
এ সময় শিল্প খাতের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রচলিত অ্যাকাডেমিক কারিকুলামে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়ানো এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. শেহেলী পারভীনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুই দিনের এই কার্নিভালে দেশের ২১টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিরা কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








