
শাহেদ মতিউর রহমান
চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের আবার সম্পূরক পরীক্ষার সুযোগ দেয়া হলেও উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী। শিক্ষাবিদ এবং অভিভাবকদের অনেকের অভিমত হচ্ছে সম্পূরক পরীক্ষার ফলাফল ঘোষণার আগেই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা ভর্তি কার্যক্রম শুরুর তোড়জোড় করছেন। এতে সরকার যে উদ্দেশ্য নিয়ে নতুন এই উদ্যোগ নিয়েছে, তাতে ভাটা পরারও আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষাবিদরা মনে করছেন, ফেল করা এই শিক্ষার্থীরা যদি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে তাদের ভর্তি প্রক্রিয়া কিভাবে সমাধান করা হবে সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা বা পরিকল্পনার কথা জানানো হয়নি।
এ দিকে গত দু’দিন আগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ভর্তি কার্যক্রম কিছুটা দেরিতে শুরু করতে ভিসিদের নিয়ে বৈঠক করেছে। সেখানে বেশির ভাগ ভিসি সরকারের এই উদ্যোগের সাথে একমত হয়ে ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি কার্যক্রম দেরিতে শুরু করার বিষয়ে একমত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে দ্বিমত পোষণ করেছে। তারা আগের নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম শুরু করতে চায়। বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন ইউজিসির বৈঠকের পর দু’দিন পার না হতেই অনেক বিশ্ববিদ্যালয় এখন তাদের নির্ধারিত ঘোষিত তারিখের আগেই শিক্ষার্থী ভর্তি করতে চাইছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য মোট চার লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেলেও ফল ঘোষণার আগেই তাদেরকে বাদ রেখেই বিশ্ববিদ্যালয়গুলো যদি ভর্তি কার্যক্রম শুরু করে তাহলে এটি হবে এই শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। তাই বিষয়টি নিয়ে এখনি সরকারকে ভাবতে হবে।
এ দিকে শিক্ষাবোর্ডের দেয়া তথ্যমতে এবার এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা দুই লাখ ৯৮ হাজার ৪০ জন। অন্য দিকে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন। যদিও আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগামী ১ ডিসেম্বর ফেল করা শিক্ষার্থীদের নিয়ে সস্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র আরো জানায়, এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সুযোগ দিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি ও পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর থেকে নেয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। তবে ইউজিসির অনুরোধ অগ্রাহ্য করে পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আবার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে। গতকাল বুধবার পর্যন্ত ১২টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে।
তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে।
এ দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানালেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেনে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, আমাদের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সবার সম্মতিক্রমে আবেদন থেকে শুরু করে পূর্বঘোষিত সূচিতেই সব চলবে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবেদনের সময় অপরিবর্তিত রয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের পর নতুন করে পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ দেয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই হচ্ছে। গতকাল বুধবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।
মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। আগামী দু-একদিনের মধ্যে এ-সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো: নাজমুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষাসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বরই মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুয়েটেও আগেই পরীক্ষা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবেদন ২১ নভেম্বর শুরু এবং ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি হওয়ার কথা। কতৃপক্ষ জানিয়েছে, এবারো যোগ্যতা শিথিল করা হবে না। গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: কামরুল হাসান বলেছিলেন, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে হবে। তিনি আরো বলেছিলেন, এইচএসসির পুনর্নিরীক্ষণ করে যারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা বুয়েটে আবেদন করতে পারবেন। এ জন্য আমরা দেরিতে ভর্তি পরীক্ষা নিচ্ছি। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) যারা অংশগ্রহণ করবেন, তারা অংশ নিতে পারার কথা না। কারণ তাদের নম্বর এমনিতেই কম থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








