সংক্ষিপ্ত সংবাদ


লৌহজংয়ে ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শালসহ গ্রেফতার ২

Advertisement

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মাসেতু উত্তর থানা এলাকা হতে চোরাকারবারির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ চোরকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। গতকাল বুধবার দুপুরে এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল বুধবার  ভোররাত পৌনে ৪টার দিকে জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনিমণ্ডল এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে পদ্মাসেতু পাড় হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দু’টি কাভার্ড ভ্যান হতে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যমানের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি কাপড় ও ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের দুই হাজার ৪৮৭ পিস কাশ্মিরি শালসহ দু’জনকে আটক করা হয়। এ সময় উক্ত ভারতীয় পণ্য চোরাচালান কাজে ব্যবহৃত দু’টি  কাভার্ড ভ্যান জব্দ করা হয়। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা। 

শাহজাদপুরে ১৫ হাজার কৃষকের মধ্যে বীজ বিতরণ

জেলার শাহজাদপুরে রবি শস্য মৌসুমে উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এ সময় উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ এবং সার বিতরণ করা হয়। কৃষকপ্রতি এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সরিষার আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারেও উৎসাহিত করা হচ্ছে। এ লক্ষে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দেয়া হচ্ছে। শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা।

চিতলমারীতে সার পেয়ে কৃষকরা খুশি

বাগেরহাটের চিতলমারীতে আমন ধান ও আগাম শীতকালীন সবজি চাষে চাহিদা মোতাবেক সার পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। এ উপজেলায় বিভিন্ন প্রকারের ৮১৩ মেট্রিক টন সার মজুদ রয়েছে। উপজেলা কৃষি দফতরের সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির কারণে এমন সুফল মিলেছে বলে সবজি চাষিরা মনে করছেন। তাই তারা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের এ কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ উপজেলা প্রায় ৩০ হাজার কৃষক পরিবার রয়েছে। এদের অধিকাংশই সবজি চাষের সাথে জড়িত। এখানে চলতি মৌসুমে তিন হাজার ৬২ একর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। সেই চাষে সার প্রয়োগে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নানাবিধ পরামর্শ দেয়া হচ্ছে। যার ফলে সুষম সার প্রয়োগ ও ডিলার পর্যায়ে তদারকির কারণে এখানে এখন পর্যন্ত সারের কোনো ঘাটতি পড়েনি। চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা।

লালমোহনে ভাইয়ের হাতে ভাই নিহত 

ভোলার লালমোহনে সুপারিপাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো: আব্দুল জলিল (৬৫) নামে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন বড় ভাই মো: সহিদের (৬৬) বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় পর মো: শহিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল জলিল সকালে তার নিজ সুপারি বাগান থেকে সুপারি পাড়তে গেলে তার বড় ভাই মো: শহিদ এতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে বড় ভাই শহিদ ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সাথে চেপে ধরেন। এতে আব্দুল জলিলের দম বন্ধ হয়ে মৃত্যু হয়। লালমোহন (ভোলা) সংবাদদাতা।