শাহরাস্তিতে ৩২ লাখ টাকা নিয়ে উধাও দম্পতি, নারীর বিরুদ্ধে ওয়ারেন্ট

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

Advertisement

চাঁদপুরের শাহরাস্তিতে যৌথভাবে সিএনজি ব্যবসার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ৩২ লাখ টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে মর্জিনা আক্তার ও তার স্বামী সেলিম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেরকী মজুমদার বাড়ির পাঁচজন মিলে সিএনজি ব্যবসা শুরুর উদ্যোগ নেন। এ লক্ষ্যে ২০২৫ সালের ১৩ জুলাই ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, রেহানা আক্তার ১৪ লাখ, জসিম উদ্দিন আট লাখ, মোরশেদ আলম পাঁচ লাখ ও মনজুমা বেগম পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন। সংগৃহীত ৩২ লাখ টাকা মর্জিনা আক্তারের কাছে হস্তান্তর করা হয়। ব্যবসার ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয় মর্জিনার স্বামী সেলিম মিয়াকে।
ভুক্তভোগীদের দাবি, ব্যবসার শর্ত অনুযায়ী মর্জিনা আক্তার ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি একটি চেক প্রদান করেন। এরপর বিগত ৮ ফেব্রুয়ারি চেকটি ব্যাংক এশিয়া পিএলসি, হাজীগঞ্জ শাখায় জমা দিলে তা ডিজ-অনার হয়। এ বিষয়ে ১০ ফেব্রুয়ারি তাকে আইনি নোটিশ পাঠানো হয়। এরই মধ্যে মর্জিনা ও তার স্বামী বাড়ি ছেড়ে চলে যান। তাদের সন্ধান না পেয়ে ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, চেক জালিয়াতির ঘটনায় মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভুক্তভোগীরা তাদের ৩২ লাখ টাকা ফেরত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেছেন।