এইচএসসির ফলে ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

বাকৃবি প্রতিনিধি

Advertisement

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বার বোর্ডে প্রথম স্থান অর্জন করল প্রতিষ্ঠানটি।
গতকাল বুধবার কলেজের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান। তিনি জানান, এ বছর কলেজ থেকে ৭০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৩০৯ জন জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৪৪ দশমিক ১৪ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির বিবেচনায় জাতীয় পর্যায়ে কলেজটি তৃতীয় স্থান অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ল্যাবরেটরি সুবিধা, খেলাধুলা এবং লাইব্রেরিতে বাধ্যতামূলক অধ্যয়নের ব্যবস্থা রয়েছে। বোর্ড পরীক্ষার সময় বিষয়ভিত্তিক ওয়ান-শট ক্লাস ও বিশেষ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়। শিক্ষার্থীদের মাসিক ব্যয়ও অন্যান্য কলেজের তুলনায় কম রাখার চেষ্টা করা হয়েছে।
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোখলেছুর রহমান বলেন, কঠোর শৃঙ্খলা, রাজনীতিমুক্ত পরিবেশ এবং গঠনমূলক পাঠদান এ সাফল্যের অন্যতম কারণ। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে কলেজের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কেবি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চারটি ভবনে ৩৬ জন শিক্ষক প্রতিষ্ঠানটিতে পাঠদান করছেন।