মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টাঙ্গাইল প্রতিনিধি

Advertisement

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাথে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষার্থীবিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
গত মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে মাভাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম এবং এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-ছি-লি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষা, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ গবেষণা এবং গবেষণাপত্র প্রকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যৌথ ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফারের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া দুই প্রতিষ্ঠানের যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা অনুদান সংগ্রহ, সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিণ আয়োজন করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ও সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক প্রযুক্তি খাতের গবেষণায় বিশেষ গুরুত্ব দেয়া হবে।
অনুষ্ঠানে মাভাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও গবেষণা সেলের পরিচালক এবং এআইটির এক্সটেনশন বিভাগের নির্বাহী পরিচালক ভোরাওয়াত চানলাসিন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার এস কে শাহীন হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এআইটি এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এ সমঝোতার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।