কেরুর পার্টস কেনায় ৩ কোটির বাজেট ৬ কোটি টাকা
  •  ১০ দিনের ব্যবধানে দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব
  •  ওয়ারেন্টি চলাকালে নতুন  ক্রয় নিয়ে প্রশ্ন

দেশের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সুগার ইউনিটের বিএমআর প্রকল্পের স্পেয়ার পার্টস কেনাকাটা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রথমে তিন কোটি টাকার প্রস্তাব পাঠানোর পর মাত্র ১০ দিনের ব্যবধানে তা বাড়িয়ে করা হয়েছে ছয় কোটি টাকা। প্রকল্পের দুই বছরের ওয়ারেন্টি চলমান থাকা অবস্থায় নতুন করে যন্ত্রাংশ কেনার উদ্যোগ এবং উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণের পরিকল্পনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কেরুর সুগার ইউনিটের বিএমআর প্রকল্পের কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হয়। ২০২৫-২৬ মাড়াই মৌসুমের শেষ দিকে বর্ধিত সক্ষমতায় চিনি উৎপাদনও শুরু হয়। তবে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সরবরাহ করতে ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। এ কারণে প্রতিষ্ঠানটির বিল থেকে যন্ত্রাংশের মূল্য বাবদ দুই কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখা হয়।
এরপর ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ না থাকলেও নতুন করে যন্ত্রাংশ কেনার উদ্যোগ নেয়া হয়। গত ১৮ আগস্ট কেরু কর্তৃপক্ষ সদর দফতরে তিন কোটি টাকার প্রস্তাব পাঠায়। ৩১ আগস্ট সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ছয় কোটি টাকা করা হয়। অল্প সময়ের ব্যবধানে ব্যয় দ্বিগুণ করার কারণ এবং যন্ত্রাংশের প্রকৃত চাহিদা ও মূল্য নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। প্রস্তাব পাঠাতে বিলম্বের অভিযোগে কেরুর মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহাকে কারণ দর্শানোরও নোটিশ দেয়া হয়।
চুক্তি অনুযায়ী প্রকল্পের যন্ত্রপাতিতে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে। এ সময়ে কোনো ত্রুটি দেখা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানেরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা। ফলে ওয়ারেন্টির আওতাভুক্ত যন্ত্রাংশ নতুন করে কেনার প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন রয়েছে। একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর দাবি, তালিকাভুক্ত কিছু যন্ত্রাংশ আগামী পাঁচ থেকে সাত বছরেও প্রয়োজন পড়বে না বলে আমার বিশ্বাস। বর্তমান মজুদ, প্রকৃত চাহিদা ও বাজারমূল্য যাচাই ছাড়া কেনাকাটা হলে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে।
করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক যন্ত্রাংশের তালিকা পাওয়ার কথা স্বীকার করে বলেন, এটি এখনো যাচাই করা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, উন্মুক্ত দরপত্রের পরিবর্তে ডিপিএম পদ্ধতিতে কেনাকাটার উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে জিটুজি পদ্ধতির যুক্তিও দেখানো হচ্ছে। তবে সংশ্লিষ্টদের একাংশের দাবি, প্রস্তাবিত যন্ত্রাংশ বিএমটিএফ বা মূল প্ল্যান্ট সরবরাহকারীর নিজস্ব উৎপাদিত পণ্য নয়; সাব-কন্ট্রাক্টর নিউটেক ইন্টারন্যাশনালের মাধ্যমে স্থানীয় বাজার থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ফলে ডিপিএম পদ্ধতি অনুসরণের আইনগত যৌক্তিকতা নিয়েও প্রশ্ন করছেন কেউ কেউ।
এ ছাড়া করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মো: সাইদুর রহমানের বিরুদ্ধে কয়েকজন ঠিকাদার কারিগরি অনুমোদনের জন্য তিন শতাংশ পর্যন্ত কমিশন দাবির অভিযোগ করেছেন। তাদের দাবি, অর্থ দিতে রাজি না হলে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হয়। তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, প্রাথমিকভাবে তিন কোটি টাকার হিসাব করা হলেও আমদানিনির্ভর যন্ত্রাংশের প্রকৃত মূল্য ও আনুষঙ্গিক ব্যয় এতে সংকুলান হচ্ছিল না। পরে প্রকৃত ব্যয় বিবেচনায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়। ডিপিএম পদ্ধতির বিষয়ে তিনি বলেন, প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠানে সরাসরি পণ্য সংগ্রহের ক্ষেত্রে এ পদ্ধতির বিধান রয়েছে। সময়স্বল্পতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বিষয়টি এগিয়ে নেয়া হচ্ছে। এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়। কেনাকাটা ও বাজেট এখনো চূড়ান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে বোর্ডে উপস্থাপন করা হবে।
কেরুর যান্ত্রিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন মোল্লা বলেন, প্রাথমিক তালিকার ভিত্তিতে আনুমানিক তিন কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছিল। পরে সদর দফতর ও কেরুর প্রতিনিধিদের পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে যন্ত্রাংশের মূল্য যাচাই করে ছয় কোটি টাকার সংশোধিত প্রস্তাব দেয়া হয়। পুরো প্রক্রিয়া সদর দফতরের অবগতিতে হয়েছে। তবে টেকনিক্যাল কমিটির মাধ্যমে প্রয়োজনীয়তা ও বাজারমূল্য যাচাইয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি।
সংশ্লিষ্টদের মতে, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল থেকে দুই কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখার পরও নতুন করে ছয় কোটি টাকার যন্ত্রাংশ কেনার প্রস্তাব, ওয়ারেন্টির শর্ত, প্রকৃত চাহিদা, বাজারমূল্য এবং ডিপিএম পদ্ধতির বৈধতা খতিয়ে দেখা জরুরি। শিল্প সচিবের দফতরে দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা উদ্ঘাটনেরও দাবি জানিয়েছেন তারা।

Advertisement