
চট্টগ্রাম নগরীর চিকিৎসাসেবা বিস্তারে সিআরবির চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এনে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকার মিন্টো রোডের বাসভবনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সাথে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের এক বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা গৃহীত হয়।
বৈঠকে হাসপাতালটির বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এটি বাস্তবায়িত হলে বন্দরনগরীর সাধারণ ও স্বল্প আয়ের মানুষ স্বল্প খরচে সরকারি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
নগরীর পাশাপাশি শিল্পাঞ্চলের স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে সীতাকুণ্ড এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রত চিকিৎসার জন্য একটি ট্রমা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া শ্রমিকদের চিকিৎসার পরিধি বাড়াতে মোট ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও বৈঠকে উঠে আসে।
দেশের প্রধান বাণিজ্য নগরী হওয়ায় চট্টগ্রামে জনসংখ্যা ও সরকারি হাসপাতালে রোগীর চাপ প্রতিনিয়ত বাড়ছে। সীতাকুণ্ডের মতো শিল্পাঞ্চলে বিপুলসংখ্যক পরিবহনকর্মী ও শ্রমজীবী মানুষের দ্রুত চিকিৎসায় এই ট্রমা সেন্টার ও হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চসিক প্রশাসক ও স্বাস্থ্যমন্ত্রীর এই যৌথ উদ্যোগ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








