ফেনীতে প্রথম প্রযুক্তি উৎসবে ব্যাপক সাড়া

ফেনী অফিস 
ফেনীতে প্রযুক্তিচর্চা ও তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে একই মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে জেলার প্রথম প্রযুক্তি উৎসব ‘টেকফেস্ট ফেনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিভিত্তিক সংগঠন ডেভ অ্যালায়েন্স ফোর্জ কমিউনিটির উদ্যোগে মঙ্গলবার রাতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আধুনিক সফটওয়্যার নির্মাণে গিটহাব কোপাইলটের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে একটি বিশেষ কারিগরি অধিবেশন পরিচালনা করেন হাসান ইমরান নাজির। অধিবেশনে গিটহাব কোপাইলটের কার্যকারিতা এবং সফটওয়্যার নির্মাণে এর ভূমিকা তুলে ধরা হয়। 
এরপর ডেভ অ্যালায়েন্স ফোর্জের পক্ষ থেকে কমিউনিটির পথচলা, লক্ষ্য ও অর্জন নিয়ে আলোচনা করা হয়। 
আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য অংশ ছিল পারস্পরিক পরিচিতি ও সংযোগ পর্ব ‘কমিউনিটি কানেক্ট @ফেনী’। এ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরস্পরের সাথে পরিচিত হওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ পান। 
আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য সিএসই অ্যাসোসিয়েশন অব ফেনী ইউনিভার্সিটি, ফেনী ইউনিভার্সিটি ইনোভেশন হাব, ফেনী বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব, ফেনী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ এবং ফেনী বিশ্ববিদ্যালয়ের ইয়ুথম্যাপার্সকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়াও ফেনী কম্পিউটার ইনস্টিটিউট আইসিটি ক্লাবকে সহযোগী ক্লাব পার্টনার হিসেবে সম্মাননা জানানো হয়। আয়োজনের সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকেও তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন টেকফেস্ট ফেনী ২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক এবং ফেনী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আফসার উদ্দিন।

Advertisement