
অর্থনৈতিক প্রতিবেদক
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি ও অনাদায়ী ক্ষতি (আনরিয়েলাইজড লস) সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বর্ধিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তাদের ক্ষেত্রে তাই বলবৎ থাকবে। গত ১০ নভেম্বর চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
একই সভায় কমিশন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরো কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ওয়ান উইন্ডো পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জ কর্তৃক আইপিও আবেদন পর্যালোচনাকালে কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে প্রদান করতে পারবে। স্টক এক্সচেঞ্জ উহার নিজস্ব পর্যবেক্ষণসহ কমিশনের ওই পর্যবেক্ষণ পর্যালোচনা ও বিবেচনাপূর্বক আইপিও আবেদনের বিষয়ে কমিশনের নিকট সুপারিশ দাখিল করবে। আইপিও আবেদন ওয়ান উইন্ডো পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হবে। ফলে আইপিও প্রক্রিয়া কোম্পানির জন্য সহজ ও সময় সাশ্রয়ী হবে এবং সামগ্রিক প্রক্রিয়া অধিকতর গতিশীল হবে।
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস তথা অনাদায়ী লোকসান সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক সংশ্লিষ্ট আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে তা ওই ভাবেই বলবৎ থাকবে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিক প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে।
তবে ২০২৬ সালের মধ্যে নতুনভাবে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০২৬ সালেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে ২০২৬ সালে নতুন কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা পরবর্তী বছরগুলোর জন্য নির্ধারিত প্রভিশন সংরক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা যাবে না বা তা সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই সমন্বয় করতে হবে।
এ ছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট হিসাবগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ প্রদানের লক্ষ্যে কমিশন কিছু শর্ত আরোপ করেছে। যেমন নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ের মাধ্যমে পোর্টফোলিও সমন্বয় করা যাবে। তবে এ ধরনের ক্রয়ের বিপরীতে কোনো নতুন মার্জিন ঋণ প্রদান করা যাবে না এবং এসব বিও হিসাবের কোনো লেনদেন ব্লক মার্কেটে করা যাবে না। তবে প্রভিশনিং ও সমন্বয়কালীন সময়ে ওই বিও হিসাবগুলোয় মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি আরোপ করা যাবে না। এ ছাড়া নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবগুলোর বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা বা তাদের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না। এমনকি বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
বিএসইসি’র মতে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ সৃষ্টি হবে। একই সাথে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় আরো সিদ্ধান্ত হয়, যেসব বন্ডের ক্ষেত্রে কমিশনের সম্মতিপত্রে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্তির শর্ত রয়েছে; কিন্তু এখনো অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে বন্ডগুলো তালিকাভুক্ত করা হয়নি; সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। একই সাথে বর্তমানে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্ত করার বিষয়ে স্টক এক্সচেঞ্জগুলো ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জগুলো বিদ্যমান লিস্টিং রেগুলেশন এবং প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করে মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন বিবেচনা ও স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ছাড়া কমিশনের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, ইস্যুয়ার কোম্পানির কোনো পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। কমিশন সভায় ওই শর্ত শিথিল করে সংশ্লিষ্ট ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে কমিশনের ১৪ জানুয়ারি ২০২১ তারিখের নির্দেশনা এবং এর পরবর্তী সংশোধনীগুলোয় প্রয়োজনীয় সংশোধন এনে নতুন নির্দেশনা জারির সিদ্ধান্ত গৃহীত হয়। নির্দেশনা জারির তারিখ থেকে বিষয়টি কার্যকর হবে।
এ দিকে লেনদেনের শুরু থেকে বিভিন্ন পর্যায়ে বিক্রয়চাপ সক্রিয় থাকায় বৃদ্ধি পাওয়া সূচক পুরো ধরে রাখতে পারেনি পুঁজিবাজারগুলো। তবে সূচকের নামমাত্র উন্নতি ঘটলেও গতকাল দুই পুঁজিবাজারেই লেনদেনের উন্নতি ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন গতকাল আবার ৭০০ কোটির ঘর অতিক্রম করে। গতকাল দেশের প্রধান এই পুঁজিবাজারটি ৭৫৭ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে। গত ১ অক্টোবরের পর ডিএসই’র লেনদেন আর এ পর্যায়ে পৌঁছেনি। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃদ্ধি পেয়েছে লেনদেন। এখানে ১৭ কোটি টাকা লেনদেন নিষ্পত্তি হয় গতকাল। মঙ্গলবার সিএসই’র লেনদেন ছিল ৯ কোটি টাকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








