
মা-মেয়েকে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং তার মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার ওই বাসায় প্রবেশ করেন মোবারক। একপর্যায়ে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকেও হত্যা করা হয়। পরদিন মা-মেয়ের লাশ উদ্ধারের পর তাহমিনা বেগমের ভাই বাদি হয়ে মামলা করেন। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মোবারক হোসেনকে গ্রেফতার করে। কুমিল্লা প্রতিনিধি।
যশোরে ৫২ কোটি টাকার চোরাচালানি পণ্য
দক্ষিণ-পশ্চিম সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গত দুই মাসে প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অন্যান্য অপরাধ রুখতে এসব নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ তল্লাশি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। অস্ত্র ও স্বর্ণ উদ্ধার : অভিযানকালে বিজিবি সদস্যরা ৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।
নবাবগঞ্জে লিমা রাণীর মৃত্যুর বিচারের দাবি
দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ লিমা রাণী রায়ের (২২) মৃত্যুর ঘটনায় স্বামীসহ জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল বুধবার উপজেলার আফতাবগঞ্জ বাজারের তিনমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের পরিবারের সদস্য, এলাকাবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তারা বিভিন্ন সেøাগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ান। এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। নিহতের বড় ভাই সৌরভ চন্দ্র সরকার জানান, আমার বোনের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা।
রাঙ্গাবালীতে সাপের দংশনে যুবকের মৃত্যু
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের দংশনে হাসান তালুকদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে রাঙ্গাবালীর চরমোন্তাজের মণ্ডল নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, চরমোজান্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মণ্ডল গ্রামের কৃষক হাসান তালুকদার গোয়াল ঘরের গরুর খাবারের জন্য বাড়ির কাছে বুধবার সকালে ঘাস কাটতে যায়। হাসান ঘাস কাটার সময় তাকে সাপে দংশন করে। তাৎক্ষণিক চরমোন্তাজ থেকে হাসানকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








