অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান মন্নাফ সাময়িক বরখাস্ত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Advertisement

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আ: মন্নাফকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের ছয়টি গাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ও নীতিমালা লঙ্ঘন করে কাটার অভিযোগে তাকে এ শাস্তি দেয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হয়েছে।
প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।