
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত মঙ্গলবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় তার বিরুদ্ধে ০৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা করা হয়েছে। বিধিমালার ৩(খ) ধারায় অসদাচরণ এবং ৩(ঘ) ধারায় দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় তিনি নিবন্ধন অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, রায়হান হাবিব এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও ইয়াসিন বাহিনীর প্রধান মো: ইয়াসিনের নামে ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করেন রায়হান হাবিব। অভিযোগ রয়েছে, এসব দলিল নিবন্ধনের ক্ষেত্রে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেন। তবে এ অভিযোগের বিষয়ে প্রজ্ঞাপনে কোনো উল্লেখ নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








