
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
কার্যালয়টির তদারককারী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বলেন, রাত আড়াইটার দিকে কার্যালয়ের টিনের ঘরের একাংশে আগুন লাগে। পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এক অটোরিকশাচালক আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় আওয়ামী লীগের লোকজন এ ঘটনায় জড়িত বলে তিনি অভিযোগ করেন। ২০১৮ সালেও একই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান এ ঘটনায় সংসদ সদস্য ও তার স্বজনদের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেন। এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিনের বক্তব্য জানতে ফোন করা হলে পরে কথা বলবেন বলে জানান। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








