
এম এ রহিম চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা পাওয়া বয়স্ক, বিধবা ও অন্যান্য সুবিধাভোগীদের অনেকে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) জটিলতায় টাকা তুলতে পারছেন না। কয়েক মাস ধরে ভাতার টাকা আটকে থাকায় বিপাকে পড়েছেন অসচ্ছল এসব মানুষ। সমস্যা সমাধানে ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্ট, ইউনিয়ন পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে ঘুরেও অনেকে প্রতিকার পাচ্ছেন না।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, চৌগাছায় আট হাজার ৯৬০ জন বয়স্ক, পাঁচ হাজার ৪৯৭ জন বিধবা ও স্বামী নিগৃহীতা এবং পাঁচ হাজার ২০ জন প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন। এ ছাড়া চারজন হিজড়া, ২৩৬ জন অনগ্রসর জনগোষ্ঠীর সদস্য, ১৪৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এবং ৭০ জন অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থী বিভিন্ন ভাতা ও উপবৃত্তি পাচ্ছেন। বয়স্ক ভাতাভোগীরা মাসে ৭০০ টাকা হারে তিন মাস পরপর দুই হাজার ১০০ টাকা পান। সম্প্রতি আঙুলের ছাপসংক্রান্ত জটিলতায় বিভিন্ন শ্রেণীর অনেক সুবিধাভোগী ভাতা উত্তোলন করতে পারছেন না।
উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামের বিধবা ভাতাভোগী শহীদা বেগম ২০১৮ সাল থেকে নিয়মিত ভাতা পেয়ে আসছেন। তবে আঙুলের ছাপ না মেলায় চলতি বছরের সর্বশেষ চার মাসের ভাতার টাকা তুলতে পারেননি তিনি। শহীদা বেগম জানান, প্রথমে ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্টে গিয়ে সমাধান না পেয়ে ইউনিয়ন পরিষদে যান। সেখান থেকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। একই সমস্যায় পড়েছেন চৌগাছা পৌর শহরের ঋষিপাড়া এলাকার সুফিয়া খাতুন। বয়সের ভারে ন্যুব্জ এই নারী বলেন, ‘আগে ভাতার টাকা দিয়ে ওষুধ কিনতাম। এখন টাকা তুলতে না পারায় ওষুধ খাব কিভাবে?’
খোঁজ নিয়ে জানা গেছে, এ ধরনের জটিলতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার শত শত ভাতাভোগী ভোগান্তিতে রয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আঙুলের ছাপসংক্রান্ত জটিলতায় অনেক ভাতাভোগীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ার বিষয়টি তিনি জেনেছেন। এ সমস্যা সমাধানে ব্যাংক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








