
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার ভোরে গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ছাত্রীর বাবা তিন যুবককে আসামি করে গত ৭ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ি গ্রামের চৈতার বাড়ি এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা তিন যুবক জোর করে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে বগুড়া হয়ে গাজীপুরে নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহমুদুর রহমান রিপু (২৬) ও রশিদুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪)। মামলার অপর অভিযুক্ত একই গ্রামের সাজেদুল ইসলামের ছেলে জোবাইদুর রহমান (২২)।
গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








