রাজবাড়ী পোস্ট অফিসে দেড় কোটি টাকা আত্মসাৎ

এম মনিরুজ্জামান রাজবাড়ী

রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানতের টাকা জমা রেখে প্রতারণার শিকার হয়েছেন ১০৪ জন গ্রাহক। পোস্টমাস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনার চার মাস পেরিয়ে গেলেও টাকা ফেরত না পাওয়ায় গতকাল বুধবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে মানববন্ধন করেন তারা। এ সময় আত্মসাৎ হওয়া টাকা ফেরত, গ্রেফতার আসামিদের জামিন না দেয়া এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। পরে আদালতের সামনের সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা।
ভুক্তভোগীরা জানান, অনেক কষ্টে সঞ্চয় করা টাকা তারা রাজবাড়ী প্রধান ডাকঘরে জমা রেখেছিলেন। কিন্তু তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এর মধ্যে সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ অন্যদের দ্রুত গ্রেফতার এবং আত্মসাৎ হওয়া টাকা ফেরতের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক সফিক, সোনালী সরকার, ফরিদা পারভীনসহ অনেকে। জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ১০৪ জন গ্রাহক এ প্রতারণার শিকার হন। অভিযোগ অনুযায়ী, লেটার রাইটার শিহাব গ্রাহকদের কাছ থেকে আমানতের টাকা নিয়ে সাদা স্লিপ দিলেও তা ডাকঘরের কোষাগারে জমা করেননি। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে যান।