২৫ বছর ধরে বন্ধ গুয়াখড়া রেলস্টেশন ভোগান্তিতে কয়েক লাখ মানুষ

 মো: নূরুল ইসলাম চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের গুয়াখড়া রেলওয়ে স্টেশনের কার্যক্রম প্রায় ২৫ বছর ধরে বন্ধ রয়েছে। জনবল সঙ্কটের কারণে স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জরাজীর্ণ ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। নেই কোনো প্ল্যাটফর্ম ও টিকিট বিক্রির ব্যবস্থা। ফলে এ অঞ্চলের কয়েক লাখ মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-রাজশাহী রেলপথের এ স্টেশন দিয়ে প্রতিদিন আন্তঃনগর, মেইল ও লোকালসহ ২৬টি ট্রেন চলাচল করে। তবে স্টেশনটিতে থামে মাত্র একটি লোকাল ট্রেন। কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ নেই। প্ল্যাটফর্ম না থাকায় ট্রেনে ওঠানামা করতে যাত্রীদের, বিশেষ করে বয়স্কদের দুর্ভোগ পোহাতে হয়।
স্টেশনটির আশপাশে প্রায় শতাধিক গ্রাম রয়েছে। এসব এলাকার মানুষকে রাজধানী ঢাকা ও রাজশাহীগামী ট্রেন ধরতে ভাঙ্গুড়া, ফরিদপুর কিংবা চাটমোহর যেতে হয়। যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেকেই ইঞ্জিনচালিত নছিমন-করিমনে করে এসব স্টেশনে পৌঁছান। এতে সময় ও অর্থ দু’টিই বেশি ব্যয় হচ্ছে। গুয়াখড়া গ্রামের রইচ উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্টেশনটিতে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন না। ভবনটি অযতেœ পড়ে থাকায় জরাজীর্ণ হয়ে গেছে। যেকোনো সময় ভবনের অংশবিশেষ ধসে দুর্ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, স্টেশনটি সংস্কার করে একাধিক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হোক।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, এ অঞ্চলে প্রচুর রেলযাত্রী রয়েছেন। বিশেষ করে মাছ ব্যবসায়ীদের ঢাকা ও রাজশাহীতে যাতায়াতে নানা সমস্যায় পড়তে হয়। স্টেশনটি চালুর দাবিতে স্থানীয় সংসদ সদস্য ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত আবেদন করা হলেও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
এ বিষয়ে চাটমোহর রেলস্টেশনের মাস্টার মাসুম আলী খান বলেন, গুয়াখড়া স্টেশনটি বি-ক্লাসের। এ পথে ২৪ ঘণ্টায় ২৬টি ট্রেন চলাচল করলেও স্টেশনটিতে মাত্র একটি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। জনবল সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে স্টেশনটির কার্যক্রম বন্ধ। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিলে এটি পুনরায় চালু করা সম্ভব।