
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ৬১টি ইটভাটার একটিরও বৈধ লাইসেন্স কিংবা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। আইন অমান্য করে ফসলি জমির পাশে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। এমনকি ভাটার ভেতরেই স্থাপন করা হয়েছে করাতকল। এতে এক দিকে উজাড় হচ্ছে বনজ ও ফলজ গাছ, অন্য দিকে দূষিত হচ্ছে পরিবেশ।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সদর উপজেলায় ৩৭টি ইটভাটা রয়েছে। এর মধ্যে পাঁচখোলা ইউনিয়নেই রয়েছে ২৫টি। এ ছাড়া শিবচরে ১৫টি, কালকিনিতে আটটি ও ডাসারে একটি ইটভাটা রয়েছে।
সরেজমিন পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমির মাঝখানে গড়ে উঠেছে ইটভাটা। ভাটার ভেতরে করাতকল বসিয়ে বনজ ও ফলজ গাছের কাঠ চেরাই করা হচ্ছে। পরে সেই কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করে তৈরি করা হচ্ছে ইট। কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ।
স্থানীয় বাসিন্দা সাকিব হাওলাদার বলেন, ইটভাটার কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। জোরপূর্বক ফসলি জমি থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাকের অবাধ চলাচলে গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, প্রভাবশালী ভাটামালিকদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। গভীর করে মাটি কাটায় পাশের জমিও ধসে পড়ছে। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জমি বিক্রি করে দিচ্ছেন।
মাদারীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, জেলার কোনো ইটভাটারই বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। অবৈধ ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযানে মালিকদের বাধার মুখে পড়তে হলেও পরিবেশ রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








