পাথরঘাটায় অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে মাছের ডিম-পোনা
কাঠের তৈরি আর্টিফিসিয়াল ট্রলিং ট্রলার : নয়া দিগন্ত।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে অবৈধ ট্রলিংয়ের কারণে হুমকির মুখে পড়েছে সামুদ্রিক মৎস্যসম্পদ। অভিযোগ উঠেছে, এক শ্রেণির অসাধু ট্রলার মালিক সাধারণ কাঠের ট্রলারকে অবৈধভাবে ট্রলিং ট্রলারে রূপান্তর করে নিষিদ্ধ ও ক্ষুদ্র ফাঁসের জাল দিয়ে উপকূলের কাছাকাছি মাছ শিকার করছেন। এতে নির্বিচারে ধ্বংস হচ্ছে মাছের ডিম, রেণু ও পোনা। সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ও প্রান্তিক জেলেরাও। দীর্ঘমেয়াদে দেশের মৎস্য খাত ও অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে জানা গেছে, পাথরঘাটা উপজেলায় বর্তমানে প্রায় ৪০ থেকে ৪৫টি অবৈধ কাঠের ট্রলিং ট্রলার রয়েছে। এসব ট্রলার সামুদ্রিক মৎস্য আইন ও প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে উপকূলের অগভীর পানিতে মাছ শিকার করছে। অথচ নিয়মানুযায়ী, ট্রলিং ট্রলারের নির্দিষ্ট গভীরতা ও দূরত্ব বজায় রেখে, সাধারণত ৪০ মিটারের বেশি গভীর পানিতে মাছ শিকার করার কথা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, এসব ট্রলারে ব্যবহৃত জালের ফাঁস অত্যন্ত ছোট। ফলে মাছের ডিম, রেণু ও পোনাসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী জালে আটকা পড়ে মারা যাচ্ছে। ইলিশসহ ডিমওয়ালা মাছও রেহাই পাচ্ছে না। এতে সাগরে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ছোট ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া বৈধ জেলেরা পড়ছেন বিপাকে।
পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের জেলে ইদ্রিস মাঝি, ছালাম হোসেনসহ অনেকে বলেন, ধারদেনা করে সরকারি নিয়ম মেনে সাগরে মাছ ধরতে যাই। কিন্তু সাগরে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। অবৈধ ট্রলারগুলো তীরের কাছাকাছি থেকে কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছ ও পোনা নিধন করছে। এসব জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ছে। এভাবে চলতে থাকলে বৈধ জেলেদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, অবৈধ কাঠের ট্রলিং ট্রলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরি। এসব ট্রলারে ব্যবহৃত ক্ষুদ্র ফাঁসের জাল উপকূলের কাছাকাছি ডিমওয়ালা মাছ ও পোনা ধ্বংস করছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসঙ্কেত। কঠোর পদক্ষেপ না নিলে মাছ উৎপাদনে বাংলাদেশের অর্জিত অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদে সামুদ্রিক মৎস্যভাণ্ডার সঙ্কুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কতিপয় অসাধু ব্যক্তি সাধারণ কাঠের ট্রলারকে অবৈধভাবে ট্রলিং ট্রলারে রূপান্তর করে সমুদ্রের কিনারে গিয়ে মাছ ধরছে এবং এভাবে দেশের মৎস্যসম্পদ ধ্বংস করছে। ক্ষুদ্র ফাঁসের জালে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের ডিম ও পোনা নষ্ট হচ্ছে। এতে প্রকৃত ও বৈধ জেলেদের জীবন-জীবিকা পড়ছে হুমকির মুখে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হয়েছে। এ দিকে মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে অবৈধ ট্রলার ও জাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ কাজে সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন গোলাম মোস্তফা চৌধুরী।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, অবৈধ জালের ব্যবহার ও ট্রলিংয়ের বিরুদ্ধে মৎস্য বিভাগের নিয়মিত অভিযান চলছে। অবৈধ ট্রলার ও জাল ব্যবহারকারীদের চিহ্নিত করে শিগগিরই কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় কঠোর অভিযান পরিচালনা করা হবে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না।