
রয়টার্স
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দেশটির এক ফেডারেল আদালতের বিচারক। স্থানীয় সময় গত মঙ্গলবার বিচারক এ আদেশ দেন। তবে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের করা অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় সমর্থকদের উসকানি দিয়েছিলেন, এমন ধারণা তৈরি করে ট্রাম্পের একটি ভাষণের ভিডিও সম্পাদনা করে প্রচার করেছিল বিবিসি। এ ঘটনায় ব্রিটেনের সরকারি অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যমটির বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফেডারেল আদালতের জেলা বিচারক জেফরি কুন্টজ বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানির অভিযোগ খারিজ করতে অস্বীকৃতি জানান। বিচারকের মতে, বিবিসির সম্পাদিত ভিডিওটি ট্রাম্পের সুনাম ক্ষুণœ করেছে এবং ভিডিওটি বিভ্রান্তিকর হতে পারে, তা বিবিসি জানত বা জানা উচিত ছিল- এমন অভিযোগ বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেছেন ট্রাম্প।
তবে বিচারকের এ আদেশের অর্থ এই নয় যে, ট্রাম্প তার অভিযোগের সত্যতা প্রমাণ করতে পেরেছেন। আদালতের এ সিদ্ধান্তকে ‘বড় বিজয়’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে এমন সবার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো এবং তাদের পরাজিত করব।’ বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তারা বিস্মিত হয়েছেন। তবে আদালতের কর্তৃত্বের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে এবং নিজেদের অবস্থান নিয়ে তারা আত্মবিশ্বাসী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








