
রয়টার্স
পরিস্থিতি যাই দাঁড়াক না কেন জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, নিষেধাজ্ঞা, অবরোধ ও বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে কিউবাকে দৃঢ়ভাবে সমর্থন দেয়ার অঙ্গীকার করেছে চীন। গতকাল বুধবার বেইজিংয়ে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ প্যারিলাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি এমন প্রতিশ্রুতি দিয়েছেন।
দুই মন্ত্রীর বৈঠক নিয়ে চীনের সরকারি সারসংক্ষেপ অনুযায়ী ওয়াং বলেছেন, ‘চীন বহুপক্ষীয় বিষয়ে কিউবার সাথে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে, বহুপক্ষীয় ফোরামগুলোতে একে অন্যকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখতে এবং যৌথভাবে ক্ষমতার রাজনীতি ও একতরফা পদক্ষেপের বিরোধিতা করতে প্রস্তুত।’
এতে দেখা গেছে, কিউবার নেতা রাউল কাস্ত্রো ও প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘আন্তরিক শুভেচ্ছা’ পৌঁছে দেয়ার জন্য ওয়াং কিউবার পররাষ্ট্রমন্ত্রী প্যারিলাকে অনুরোধ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ও জ্বালানি অবরোধের মুখে কিউবা বর্তমানে অন্যতম ভয়াবহ মানবিক, অর্থনৈতিক ও জ্বালানি সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। ভেনিজুয়েলা ও মেক্সিকো থেকে কিউবার জ্বালানি তেল আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। জেট ফুয়েল না থাকায় দেশটির আন্তর্জাতিক বিমান চলাচল ও আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প প্রায় স্থবির হয়ে পড়েছে। এই চরম সঙ্কটের পরিস্থিতিতে চীন ও রাশিয়ার মতো দেশগুলো কিউবাকে সাহায্য করতে এগিয়ে এসেছে এবং মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিউবার পাশে থাকার অঙ্গীকার করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








