বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র

এএফপি
ভারতের বিভিন্ন স্থানে বায়ুদূষণের মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে দূষণ পরিমাপের যন্ত্রগুলোও তা সঠিকভাবে পরিমাপ করতে পারছে না। চলতি সপ্তাহে বিষাক্ত ধোঁয়ার কারণে বায়ুদূষণের মাত্রা যন্ত্রগুলোর সর্বোচ্চ পরিমাপসীমা ছাড়িয়ে যায়। 
দেশটির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত দৈনিক সহনীয় সীমার ৬৬ গুণে পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা অভিযোগ করেছেন, গত রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কয়েক ঘণ্টা ইচ্ছাকৃতভাবে বায়ুদূষণের তথ্য প্রকাশ বন্ধ রাখা হয়েছিল। 
তাদের দাবি, হিন্দুদের আলোর উৎসব দীপাবলি উপলক্ষে ব্যাপক আতশবাজি পোড়ানোর কারণে যখন বায়ুদূষণ তীব্র আকার ধারণ করছিল, ঠিক তখনই সরকারি পর্যবেক্ষণকেন্দ্রগুলোর তথ্য সংগ্রহে এই ঘাটতি দেখা যায়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর অন্যতম নয়াদিল্লি। শীত মৌসুমে যানবাহনের ধোঁয়া, কৃষিজমির ফসলের অবশিষ্টাংশ পোড়ানো ও শিল্পকারখানার নির্গমনের কারণে শহরটির বায়ু এমনিতেই বিষাক্ত হয়ে ওঠে। এতে লাখ লাখ মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে।
তবে দূষণের সবচেয়ে ভয়াবহ সময়ের তথ্য না থাকায় সরকারি পরিসংখ্যানে প্রকৃত দূষণের মাত্রা পুরোপুরি উঠে আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে আম আদমি পার্টির (এএপি) দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, ‘যে সরকার দীপাবলির রাতে বায়ুর মান পর্যবেক্ষণকেন্দ্রগুলো বন্ধ রাখে, যে সরকার তথ্য নিয়ে কারসাজি করে, সেই সরকারকে মানুষ কীভাবে বিশ্বাস করবে?’

Advertisement