
রয়টার্স
জেনসেন হুয়াংয়ের কেলেঙ্কারির জেরে চিপ জায়ান্ট এনভিডিয়ার শেয়ারে দরপতন চলছেই। মাত্র দুই দিনে কোম্পানির বাজারমূল্য প্রায় ৪০০ বিলিয়ন ডলার পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবারও এনভিডিয়ার দরপতন অব্যাহত ছিল। এই দরপতনের কারণ কোম্পানির সিইও জেনসেন হুয়াংয়ের সাথে এক চীনা ব্যবসায়ী নারীর সম্পর্ক নিয়ে ওঠা বিতর্ক।
অ্যালিস হুয়াং নামের ওই নারী বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দ্য ইনফরমেশনের এক খবরে বলা হয়েছে, ওই নারীর সাথে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন চীনা কোম্পানির কাছে এনভিডিয়ার অন্তত ৭৫০ কোটি ডলারের চিপ সরবরাহের পথ সুগম হয়েছিল। সোমবার এনভিডিয়ার শেয়ারের ৪.৩ শতাংশ দরপতনের পর মঙ্গলবার আরো ৫ শতাংশের বেশি কমে যায়।
সোমবারের দরপতনে এনভিডিয়ার বাজারমূল্য থেকে ১৯২.০৮ বিলিয়ন ডলার উধাও হয়েছিল। মঙ্গলবার আরো প্রায় ২২১ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারায় এ কোম্পানি। জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এনভিডিয়ার করপোরেট পরিচালনা পদ্ধতি, মার্কিন রফতানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিবিধান মেনে চলা এবং হুয়াংয়ের নেতৃত্বের ওপর কোম্পানিটির অতিরিক্ত নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ থেকে পর্যাপ্ত মুনাফা আসবে কি না, তা নিয়েও উদ্বেগে পড়েছেন বিনিয়োগকারীরা।
ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকরা এক নোটে লিখেছেন, ‘এই ঘটনা কি শুধু এনভিডিয়ার একটি সঙ্কট হিসেবেই থাকবে, নাকি এর প্রভাবে পুরো এআই অবকাঠামো খাতে বিধিনিষেধ ও সরবরাহব্যবস্থায় বিঘœ সৃষ্টি হবে, তা নিয়ে বিনিয়োগকারীরা শঙ্কিত।’
এ দিকে গত রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংয়ের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ৬৩ বছর বয়সী হুয়াং বিদেশী কোনো গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইও তা খতিয়ে দেখছে। ওই নারীর সাথে সম্পর্কের বিষয়টি স্বীকার করে জেনসেন হুয়াং শুধু এটুকুই বলেছেন, তিনি স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তবে ওই সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তিনি স্বামী ও বোনকে সাথে নিয়ে চীন ও সিঙ্গাপুরজুড়ে একাধিক কোম্পানির সমন্বয়ে একটি ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








