
আলজাজিরা
ইয়েমেনের রাজধানী সানার কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার চালানো এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির একটি ভবন। শক্তিশালী বিস্ফোরণে লক্ষ্যবস্তুর পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময়ে আল-মাফসার গ্যাস ফিলিং স্টেশনেও হামলা চালানো হয়। এতে স্টেশনটিতে থাকা ১৩টি তেলবাহী ট্যাংকার এবং সাধারণ গ্যাস সরবরাহের প্ল্যাটফর্মটি ধ্বংস হয়ে গেছে। কয়েক ঘণ্টায় সানার কেন্দ্রস্থলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ দিকে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা জানিয়েছে, দেশটির সৌদি আরব সীমান্তবর্তী সা’দা গভর্নরেটের কাতাবির ও সা’দা জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে সৌদি বাহিনী। সৌদি আরবের নাজরান ও জাজান অঞ্চল থেকে এসব হামলা চালানো হয়। হাউছিদের দাবি, গোলাবর্ষণের শিকার এলাকাগুলো অত্যন্ত জনবহুল।
হাউছি বিদ্রোহীদের এক মুখপাত্রের ভাষ্য, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ১০৯টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। ওই মুখপাত্র আরো জানান, গত দুই দিনে বানি হুসাইস এলাকায় সৌদি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। তাদের বুধবার সানার আল-সাবিন এলাকায় সমাহিত করার কথা রয়েছে।
ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী ও হাউছিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। দেশটির পশ্চিমা স্বীকৃত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক হামলায় অন্তত ১৯০ জন হাউছি যোদ্ধা হতাহত হয়েছেন।
সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, লাহিজ, তায়েজ, মারিব, আল-জাওফ, হাজ্জাহ ও আল-বায়দা প্রদেশে হাউছিদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে ২৯টি বিমান হামলা, ৩৯টি ড্রোন হামলা, ৬২টি রকেট নিক্ষেপ এবং ৭৪৪টি গোলাবর্ষণ করা হয়েছে। হামলায় হাউছিদের ১৩০টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








