যুক্তরাষ্ট্রের দখলে ভেনিজুয়েলার তেল খাতের ১২ বিলিয়ন ডলার

দ্য নিউইয়র্ক টাইমস
ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল রফতানি থেকে চলতি বছরের প্রথম ৯ মাসে ১২ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কেপিএমজির এক গোপনীয় রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। দ্য নিউইয়র্ক টাইমস রিপোর্টটি পর্যালোচনা করেছে।
 রিপোর্টটি গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির আর্থিক সম্পদ ও প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত রাজস্বের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের সবচেয়ে বিস্তারিত চিত্র তুলে ধরেছে।
মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলায় নিজেদের অনুগত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করে। একই সাথে দেশটির তেলশিল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ওই সরকারকে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন আগে কেপিএমজির রিপোর্টটি তৈরি করা হয়। নির্বাচনের আগে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ভেনিজুয়েলা বিষয়ে ওয়াশিংটনের নীতিতে আরো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেছিলেন। উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয়ায় আগামী জানুয়ারি থেকে এ বিষয়ে তদারকির আরো বেশি ক্ষমতা পাবেন তারা।
কেপিএমজি মার্কিন সরকারের পক্ষে রিপোর্টটি তৈরি করে। এতে ‘ভেনিজুয়েলা কাস্টডি অ্যাকাউন্ট’ নামে একটি হিসাবের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনিজুয়েলার রফতানি আয় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) এই হিসাব চালু করে। শুরুতে কাতারে হিসাবটি পরিচালিত হলেও জানুয়ারির শেষ দিকে তা নিউ ইয়র্কের সিটিব্যাংকে স্থানান্তর করা হয়।
রিপোর্ট অনুযায়ী, ৩ জানুয়ারি, অর্থাৎ মার্কিন সামরিক হস্তক্ষেপের দিন থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ওই হিসাবে মোট ১২ দশমিক ২৬ বিলিয়ন ডলার জমা পড়ে। জমা হওয়া অর্থের বেশির ভাগই পাওয়ার পরপর ভেনিজুয়েলায় ফেরত পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর হিসাবটিতে প্রায় ১৭০ মিলিয়ন ডলার অবশিষ্ট ছিল। একই সময়ে হিসাবটি থেকে প্রায় ১২ মিলিয়ন ডলার সুদও আয় হয়।
অর্থ ছাড়ের দ্রুত প্রক্রিয়ার বিবরণ দিয়ে রিপোর্টে কর্মকর্তাদের আগের দাবির কিছুটা সত্যতা পাওয়া যায়। তাদের দাবি ছিল, ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল থেকে অর্জিত অর্থের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কেবল তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করছে।
প্রক্রিয়াটি ছিল এমন, ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হিসাব থেকে অর্থ ছাড়ের আবেদন করত। এরপর মার্কিন কর্মকর্তারা আবেদনগুলো আর্থিক স্বচ্ছতা ও সততার নির্ধারিত মানদণ্ড পূরণ করছে কি না- তা যাচাই করে অর্থ ছাড় করতেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বারবার দাবি করেছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার আগে ভেনিজুয়েলার তেল থেকে অর্জিত রাজস্বের বড় অংশ দুর্নীতি ও বিদেশী মধ্যস্বত্বভোগীদের কারণে হারিয়ে যেত। দ্য নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনেও তার এসব দাবির কিছু অংশের সত্যতা পাওয়া গেছে।
তবে কেপিএমজির রিপোর্টটি একই সাথে দেখিয়েছে, অর্থ ছাড়ের সময় নির্ধারণ এবং প্রাকৃতিক সম্পদ বিক্রির অর্থ কারা পাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হাতেই ছিল। অথচ ভেনিজুয়েলার সংবিধান অনুযায়ী, দেশটির প্রাকৃতিক সম্পদের মালিক জনগণ। এতে বলা হয়েছে, ‘চলতি বছর ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত রাজস্বের জমার ওপর যুক্তরাষ্ট্র সরকার তত্ত্বাবধানমূলক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’ এতে আরো বলা হয়েছে, প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দফতর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুমোদন বাধ্যতামূলক।