চিকিৎসা শেষে ফের কারাবন্দী ইমরান খান
চিকিৎসা শেষে ফের কারাবন্দী ইমরান খান।

রয়টার্স
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে ফের কারাকক্ষে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসার জন্য দ্রুত ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, ৭৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেট অধিনায়কের রক্তচাপ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন পড়ে। পিআইএমএস হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার পর রাত শেষেই তাকে আবার রাওয়ালপিন্ডির কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তবে তার আইনজীবীরা জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে এবং তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত আগস্টের পর ইমরান খানকে চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে নেয়ার ঘটনা এটিই প্রথম। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতি মামলায় তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবাস করছেন। ইমরান খান এবং তার দল সব সময় এসব মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসলেও পাকিস্তান সরকার তা নাকচ করে দিয়েছে।