
আলজাজিরা
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত বা অভিশংসন করার উদ্যোগটি ব্যর্থ করে দিয়েছেন ক্ষমতাসীন দল রিপাবলিকানের আইনপ্রণেতারা। সদ্যসমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ইরান সঙ্ঘাত ঘিরে ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষাপটে এই পদক্ষেপটি রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব লাভ করেছিল। মঙ্গলবার অনুষ্ঠিত পদ্ধতিগত ভোটাভুটিতে অভিশংসনের অভিযোগগুলো রিপাবলিকান-নিয়ন্ত্রিত ‘হাউজ জুডিশিয়ারি কমিটি’-তে প্রেরণের পক্ষে রায় আসে। এর মাধ্যমে প্রতিনিধি টমাস ম্যাসির নেতৃত্বে হেগসেথকে অপসারণের প্রচেষ্টাটি কার্যত থমকে গেল। ডেমোক্র্যাটদের পাশাপাশি এই প্রক্রিয়ায় ম্যাসির একক অংশগ্রহণ দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে বিতর্কিত এই যুদ্ধ থেকে দূরত্ব তৈরির একটি প্রতীকী পরীক্ষা হিসেবে দেখা হয়েছিল।
চূড়ান্ত ভোট গণনায় প্রস্তাবের পক্ষে ২১১টি এবং বিপক্ষে ২০৪টি ভোট পড়ে। একমাত্র ব্যতিক্রম হিসেবে থমাস ম্যাসি বাদে দলের বাকি সব রিপাবলিকান প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেন। এই ফলাফলের ফলে দীর্ঘ মেয়াদে প্রক্রিয়াটি ঝুলিয়ে রাখার সুযোগ পেল দলটি এবং সরাসরি ইরান সঙ্ঘাতসংশ্লিষ্ট আটটি ভিন্ন অভিশংসন অনুচ্ছেদের ওপর ভোটাভুটির মুখোমুখি হওয়া থেকে রক্ষা পেল। ভোটাভুটির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অপসারণের এই অপচেষ্টা শোচনীয়ভাবে নাকচ হয়ে গেছে এবং দলীয় একক ঐক্যের মাধ্যমেই এটি ঠেকানো সম্ভব হয়েছে। বিশ্লেষকদের মতে, সিনেটে অভিশংসন চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আগে থেকেই ক্ষীণ ছিল, কেননা সেখানে রিপাবলিকানদের ৫৩টি আসনের শক্ত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং যেকোনো প্রস্তাব পাসে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রয়োজন হয়।
ম্যাসির আনা আটটি অনুচ্ছেদে পেন্টাগন প্রধানের বিরুদ্ধে কংগ্রেসের পূর্বানুমোদন ব্যতিরেকে ইরানে অবৈধ সামরিক অভিযান পরিচালনা এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তবে পিট হেগসেথ এই উদ্যোগকে স্রেফ ‘নাশকতা’ ও ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প ও হোয়াইট হাউজের শীর্ষ কর্তারাও তার প্রতি নিজেদের অটুট আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। এদিকে মধ্যবর্তী নির্বাচনে জ্বালানি তেল ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির পেছনে এই সামরিক সঙ্ঘাতে জড়িয়ে পড়ার ভূমিকা রয়েছে বলে ভোটারদের ক্ষোভ প্রকাশ পাওয়ায় হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরো তীব্র হয়েছে। এর আগে বিদায়ী সিনেটর জনি এরনস্টও হেগসেথের রণকৌশল ও বিবৃতির সত্যতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








