
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম আবারো বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, ‘ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে সেটি ঘুষ হবে না।’ এ কথা তিনি কোনো রাজনৈতিক সমাবেশ বা দলীয় সভায় বলেনি। বলেছেন গত মঙ্গলবার নবনিযুক্ত উপজেলা সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালায়। প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটি উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটি ঘুষের মধ্যে পড়বে না। এটি আপনি নিতেই পারেন।’ খবরটি গণমাধ্যমে দর্শনীয় শিরোনাম হয়েছে। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
ইনি সেই ব্যক্তি যিনি নির্বাচনী এলাকায় নবগঠিত তিনটি নতুন ইউনিয়নের নামকরণ করেছিলেন নিজের দুই ছেলে ও ভাতিজির নামের সাথে মিলিয়ে। সে ঘটনা জাতীয় সংসদেও ঢেউ তোলে। কলেজ, মাদরাসা ও ফিলিংস্টেশনে নিজের এবং স্ত্রী-সন্তানদের নাম ব্যবহার করায় গণমাধ্যমে সমালোচনা হয়। শুধু তাই নয়, নিজের ও ছেলের প্রতিষ্ঠানের নামে সরকারি কাজ পাইয়ে দেয়া এবং ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশলী পুনর্বহাল বা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য ডিও লেটার দেয়ার মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে।
তিনি নিজে ব্যবসায়ী। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং বিসিকের সাবেক পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। গত নির্বাচনে জয়ী হওয়ার পর সরকারে প্রতিমন্ত্রীর পদ পান।
দেশবাসীর মনে থাকার কথা, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ক’দিন পরই একজন মন্ত্রী একই ধরনের মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক পরিবহনমন্ত্রী সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে বলেছিলেন- ‘সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা।’ মন্ত্রীর বিবেচনায়, মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমঝোতার ভিত্তিতে কল্যাণ ফান্ডের নামে বাস-ট্রাক থেকে যে টাকা তোলে সেটিকে চাঁদাবাজি বলা যায় না। কাউকে টাকা দিতে বাধ্য করা হলে তবেই সেটি চাঁদা হবে। এই বক্তব্য টিআইবিসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। বিষয়টি অপরাধের এক ধরনের ‘বৈধতা দেয়ার চেষ্টা’ হিসেবে চিহ্নিত হয়েছিল।
বিস্ময়ের কিছু নেই যে, শেখ রবিউল এখনো মন্ত্রীপদে বহাল আছেন। মীর শাহে আলমও থাকবেন।
তবে আমাদের শঙ্কার কারণ ভিন্ন। জাতি হিসাবে আমরা সুশিক্ষিত হতে পারিনি। সন্তানদের প্রকৃত জ্ঞান ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে পারিনি। এমনকি তাদের মধ্যে ন্যায় ও অন্যায়ের পার্থক্য বোঝার মতো ন্যূনতম কাণ্ডজ্ঞানও তৈরি করতে পারিনি। চিন্তা, কথা ও কাজে স্বচ্ছ থাকা এবং সত্যের পথে চলার শিক্ষা দিতে পারিনি। এই ব্যর্থতার প্রতিফলন ঘটে প্রবীণ মন্ত্রী, প্রতিমন্ত্রী শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠের কোনো কোনো সর্বোচ্চ পদাধিকারীর দায়িত্বহীন, অনৈতিক কর্মকাণ্ড ও বেফাঁস মন্তব্যে। এটি কেবল শিক্ষাব্যবস্থার গলদ বা ব্যর্থতার কারণে ঘটেনি। রাজনীতি অশিক্ষিতদের হাতে চলে যাওয়াও অন্যতম কারণ।
বিএনপির ইতিহাসে শিক্ষিত ও সৎ মানুষদের সরকার গঠনের দৃষ্টান্ত থাকলেও, এবার ব্যত্যয় ঘটেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








